নয়া দিল্লি: কোনও মহিলা নিজে সরাসরি ধর্ষণের শারীরিক সম্পর্কে লিপ্ত না হলেও, তাকে কি গণধর্ষণের মামলায় অভিযুক্ত করা যায়? এই গুরুত্বপূর্ণ প্রশ্নে রায় দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানি বলেছেন, কোনও মহিলা ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩৭৬ডি ধারা এবং নতুন ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৭০ ধারায় গণধর্ষণে অভিযুক্ত হতে পারেন।
গত ১৫ অক্টোবর দিল্লির একটি মামলায় এই রায় দেওয়া হয়। মামলায় অভিযুক্ত মহিলা ছিলেন নির্যাতিতার নিজের মা। অভিযোগ ছিল, তিনি নিজের নাবালিকা মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে অভিযুক্তদের কাছে যেতে বাধ্য করেছিলেন। মেয়েটির উপর কয়েক মাস ধরে যৌন নির্যাতন চলে। ওই নির্যাতন চলার সময়ও অভিযুক্ত মহিলা সেই ঘরেই উপস্থিত ছিলেন।
এই ঘটনার ক্ষেত্রে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ নিয়ে আপত্তি না থাকলেও, রায়ের অন্য একটি দিক নিয়ে আইনি প্রশ্ন তৈরি হয়। কারণ, ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬৩ ধারায় বলা হয়েছে, “A man is said to commit rape”—অর্থাৎ ধর্ষণ করার অপরাধী হিসেবে আইনে পুরুষকেই বোঝানো হয়েছে।
অন্যদিকে, বিএনএস-এর ৭০ ধারায় বলা হয়েছে, একাধিক ব্যক্তির মধ্যে প্রত্যেককে ধর্ষণের অপরাধ করেছে বলে গণ্য করা হবে। দিল্লি হাইকোর্ট এই ধারায় ব্যবহৃত “ ব্যক্তিরা” (persons) শব্দটিকে নারী-পুরুষ নির্বিশেষে ব্যাখ্যা করেছে। ফলে একজন মহিলা শারীরিকভাবে ধর্ষণ না করেও, গণধর্ষণের মূল অপরাধী হিসেবে গণ্য হতে পারেন, এমনটাই ব্যাখ্যা করা হয়েছে।
আগে কী বলেছিল সুপ্রিম কোর্ট?
২০১৩ সালের আগে গণধর্ষণের জন্য আলাদা কোনও ধারা ছিল না। আইপিসি (IPC)-এর ৩৭৬(২)(জি) ধারায় এটি ধর্ষণের গুরুতর রূপ হিসেবে ধরা হত।
২০০৬ সালে প্রিয়া পটেল বনাম মধ্য প্রদেশ রাজ্যের মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, ধর্ষণের অপরাধ আইন অনুযায়ী একজন পুরুষই করতে পারেন। সেই মামলায় এক মহিলার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি তাঁর স্বামীকে ধর্ষণে সাহায্য করেছিলেন। আদালত জানিয়েছিল, কোনও মহিলা নিজে ধর্ষণের অপরাধ করতে পারেন না।
২০০৯ সালে রাজস্থান সরকার বনাম হেমরাজ মামলাতেও একই ধরনের অবস্থান নেওয়া হয়েছিল।
তবে এর অর্থ এই নয় যে ধর্ষণে সাহায্য করা কোনও মহিলা শাস্তি থেকে রেহাই পাবেন। তাঁদের বিরুদ্ধে সাধারণত অপরাধে প্ররোচনা বা সাহায্য করা (abetment) কিংবা ষড়যন্ত্রের (criminal conspiracy) অভিযোগ আনা হত। নতুন বিএনএস (BNS)-এও এই ধরনের অপরাধের জন্য ৪৫ থেকে ৪৯ এবং ৬১ নম্বর ধারায় আইনি ব্যবস্থা রয়েছে।
কেন নতুন আইনে তৈরি হয়েছে বিতর্ক?
ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ সালে তৈরি হয়েছে। সেই সময় আইন প্রণেতারা লিঙ্গভিত্তিক অপরাধ নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন। বিএনএস-এর ২(১০) ধারায় বলা হয়েছে, “he” শব্দটি পুরুষ, মহিলা বা ট্রান্সজেন্ডার—যে কোনও ব্যক্তিকে বোঝাতে পারে। আবার ২(১৯) ধারায় “ম্যান” (man) বলতে পুরুষ মানুষকে বোঝানো হয়েছে।
এই বিষয়টিই আইনি বিতর্কের মূল জায়গা। কারণ, আইন তৈরির সময় ২০১২ সালের অপরাধমূলক আইন (সংশোধনী) বিলে “ম্যান”-এর বদলে “পার্সন” শব্দ ব্যবহারের প্রস্তাব ছিল। শেষ পর্যন্ত সেই পরিবর্তন করা হয়নি। এছাড়া বিচারপতি জে এস বর্মা কমিটিও গণধর্ষণের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির লিঙ্গ নির্বিশেষে আইন প্রযোজ্য করার সুপারিশ করেছিল। কিন্তু সেই প্রস্তাবও পুরোপুরি আইনে কার্যকর হয়নি।
ফলে এখন প্রশ্ন উঠছে, যেখানে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ ধারা ধর্ষণের অপরাধী হিসেবে পুরুষের কথা বলছে, সেখানে ৭০ ধারার “পার্সনস” শব্দের মাধ্যমে কোনও মহিলাকে ধর্ষণের মূল অপরাধী হিসেবে গণ্য করা যায় কি না।
দিল্লি হাইকোর্টের এই রায় সেই পুরনো আইনি ব্যাখ্যায় নতুন বিতর্ক তৈরি করেছে। অর্থাৎ, একজন মহিলা নিজে ধর্ষণ না করেও,গণধর্ষণের প্রধান অভিযুক্ত হতে পারেন।
