লখনউ: SIR নিয়ে ভূরি ভূরি অভিযোগ। ভোটচুরি নিয়ে সরব বিরোধীরা। সেই আবহেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু উত্তরপ্রদেশে। আর তাতে গোড়াতেই চমক দিলেন আসাদউদ্দিন ওয়েইসি এবং চন্দ্রশেখর আজাদ। একজোট হয়ে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিলেন তাঁরা। ওয়েইসির AIMIM এবং আজাদের ‘আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম)’ জোট গড়ল সেখানে। (Owaisi-Azad Alliance)
বৃহস্পতিবার জোটের ঘোষণা করলেন ওয়েইসি এবং আজাদ। AIMIM এবং ‘আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম)’-র জোটের নাম রাখা হয়েছে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’। জোটে শামিল হতে অখিলেশ যাদবকেও আমন্ত্রণ জানিয়েছেন আজাদ। আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেসকেও। বিজেপি-কে উৎখাত করতে হলে সকলের একজোট হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন নাগিনার সাংসদ আজাদ। (Asaduddin Owaisi)
উত্তরপ্রদেশের রাজনীতিতে এই মুহূর্তে এতদিন দু’টি জোট ছিল-বিজেপি নেতৃত্বাধীন NDA এবং সমাজবাদী পার্টি নেতৃত্বাধীন I.N.D.I.A শিবির। NDA জোটে শামিল বিজেপি, আপনা দল (সোনেলাল), সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি, নিষাদ পার্টি। I.N.D.I.A শিবিরে আবার রয়েছে সমাজবাদী পার্টি, কংগ্রেস। কোনও জোটে না গিয়ে একক ভাবে বিরাজ করছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি, আপনা দল (কমেরাবাদী)। সেই আবহেই তৃতীয় জোটের ঘোষণা করলেন ওয়েইসি এবং আজাদ।
আরও পড়ুন: জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
হায়দরাবাদের সাংসদ ওয়েইসিকে পাশে নিয়ে বৃহস্পতিবার লখনউয়ে সাংবাদিক বৈঠক করেন আজাদ। ‘সামাজিক পরিবর্তন মোর্চা’কে ‘তৃতীয় জোট’ বলার পক্ষপাতী নন তিনি। আজাদ জানিয়েছেন, তাঁরা একটি রাজনৈতিক মঞ্চ তৈরি করছেন, যেখানে সমাজের বঞ্চিত, শোষিত, প্রান্তিক শ্রেণির মানুষের কণ্ঠস্বর তুলে ধরা হবে। আজাদ বলেন, “অনেকেই তৃতীয় জোট বলছেন। কিন্তু এটা তৃতীয় জোট নয়। এটা ‘সামাজিক পরিবর্তন মোর্চা’। গভীরতা বুঝলে বুঝবেন এটাই সব।”
আগামী ২৬ নভেম্বর, সংবিধান দিবসে লখনউতে একসঙ্গে জনসভা করার কথা ওয়েইসি এবং আজাদের। ঘটনাচক্রে ওই দিনই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে অখিলেশের সমাজবাদী পার্টি। তিনি এবং রাহুল গাঁধী বরাবরই ওয়েইসির থেকে দূরত্ব বজায় রাখেন। ওয়েইসিকে বিজেপি-র ‘বি টিম’ও বলেন তাঁরা। তবে আজাদের দাবি, তাঁরা বিজেপি-র ‘বি টিম’ নন। তাঁদের সেই চোখে দেখা উচিত নয় বিরোধীদের। তাঁর কথায়, “স্বাধীন ভাবে নির্বাচনে লড়লে যদি বিজেপি-র ‘বি টিম’ বলা হয়, তাহলে মধ্যপ্রদেশের ৭০টি, উত্তরাখণ্ডের ৫৪টি এবং জম্মুর ২০টি আসনে কেন একা একা লড়াই করল সমাজবাদী পার্টি? ” পশ্চিমবঙ্গে কেন কংগ্রেস এবং তৃণমূল আলাদা আলাদা লড়াই করল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন: ‘কোন কোন বিচারক বিজেপির, কোন কোন বিচারক তৃণমূলের?’ অভিষেকের কাছে তালিকা চাইল কলকাতা হাইকোর্ট
SIR নিয়ে আদালতে গেলেও, বিরোধী শিবির I.N.D.I.A-র সঙ্গে একমঞ্চে দেখা যায়নি ওয়েইসিকে। বিজেপি-র ‘বি টিম’ তকমা নিয়ে প্রশ্ন করলে বলেন, “আমরা না A টিম, না B টিম, না C টিম, না D টিম। যা ইচ্ছে বলতে পারেন। কিছু যায় আসে না।” ওয়েইসির দাবি, বিজেপি-কে সরানোই লক্ষ্য তাঁদের। তাঁর বক্তব্য, “আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, উত্তরপ্রদেশে তৃতীয় বার ক্ষমতা দখল থেকে বিজেপি-কে আটকানোর ক্ষেত্রে এটা দৃঢ় বিকল্প হয়ে উঠতে পারে।” ওয়েইসি জানান, জাত-ধর্ম নির্বিশেষে অনগ্রসর, দলিত, প্রান্তিক মানুষের দাবিদাওয়াকে প্রাধান্য দেবেন তাঁরা। এতদিন যাঁদের শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে, তাঁদের শিক্ষা, রোজগারের প্রশ্ন তুলে ধরবেন।
ওয়েইসি জানিয়েছেন, ‘সামাজিক পরিবর্তন মোর্চা’র সভাপতির দায়িত্ব পালন করবেন আজাদই। তিনিই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। এখনও আসন নিয়ে রফা হয়নি। ২৬ নভেম্বরের সভার পর সেই নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তাঁরা। আসন সমঝোতার ক্ষেত্রে এলাকার জাতি এবং সম্প্রদায়ভিত্তিক সমীকরণের কথা মাথায় রাখা হবে।
ওয়েইসি এবং আজাদের জোটকে অভিনন্দন জানিয়েছেন অখিলেশ। তবে তাঁর মতে, ‘রাজনৈতিক পরিবর্তন জোট’ সক্রিয় হলে তবেই সাফল্য আসবে। সত্যিকারের বিজেপি বিরোধী ঐক্য গড়ে উঠলেই তারা আল কল্কে পাবে না। কিন্তু কাদের বিরোধিতা আসল, কাদের নকল, তা নিয়ে প্রশ্ন উস্কে দেন অখিলেশ। তাঁর বক্তব্য, “মানুষ সব বোঝেন। কারা শুধুমাত্র গলাবাজি করে, বুলি আওড়ায়, সেব্যাপারে সকলেই অবগত। আসল কথা বল, যত জোট গড়ে উঠবে, ততই ভিত মজবুত হবে গণতন্ত্রের। সেক্ষেত্রে জনকল্যাণের সদিচ্ছা থাকা দরতার। কোনও অশুভ উদ্দেশ্য না থাকাই কাম্য। শেষ পর্যন্ত কেউ যদি হাতের পুতুলে পরিণত হয়, তাহলে জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারেন ভোটাররা। আশা করি, নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটের উপর আধিপত্য কায়েমের প্রবণতা শেষ হবে। আন্তরিক ভাবে কাজ করবেন সকলে।” অখিলেশ PDA জোটের উপর জোর দিয়েছেন, অর্থাৎ অনগ্রসর (পিছড়া), দলিত, অল্পসংখ্যক (সংখ্যালঘু)।
উত্তরপ্রদেশের মোট জনসংখ্যার ২১ শতাংশ দলিত, ১৯ শতাংশ সংখ্যালঘু। SIR নিয়ে যা পরিস্থিতি, তাতে ওয়েইসি ভোট কাটতে পারেন বলে আশঙ্কা করছেন অনেকেই। আবার, দলিত, অনগ্রসর শ্রেণির মধ্যে আজাদ বেশ জনপ্রিয়। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা সমাজবাদী পার্টির। ২০০৭ সালে মায়াবতীর জয়ের নেপথ্যে এই সমীকরণ কাজ করেছিল। অন্যান্য় অনগ্রসর, মুসলিম এমনকি ব্রাহ্মণ ভোটের কিছুটাও সহায় হয়েছিল তাঁর। তাই OBC এবং সংখ্যালঘু ভোটকে পাখির চোখ করছে সব দলই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হিন্দুভোটের উপর আস্থা রাখছেন। SIR-এ ১ কোটির বেশি হিন্দু নাম বাদ গিয়েছে বলে তিনি। হিন্দুদের নাম ফেরাতে আবেদন জানিয়েছেন নির্বাচন কমিশনেও। এমন পরিস্থিতিতে ওয়েইসি এবং আজাদের জোট যদি OBC এবং সংখ্যালঘু কিছুটা হলেও ভাঙিয়ে নেয়, তাতেও সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টির ভোটবাক্সে বড় প্রভাব পড়বে।
এমন পরিস্থিতিতে সাবধানী অবস্থানে রয়েছে কংগ্রেস। দলের এক নেতা ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেন, “আমরা আজাদের প্রচারে নজর রাখছি। ওয়েইসি ভাষ্য তৈরির চেষ্টা করছেন I.N.D.I.A শিবির মুসলিমদের রাজনীতিতে জায়গা করতে দেয় না বলে। কিন্তু আজাদের মিছিলে, সভায় ভাল ভিড় হচ্ছে। ওঁরা একজোট হলে ভোট সরতে পারে। তবে রাজনীতিতে কিছু মানুষ জেতার জন্য লড়াই করেন, কিছু মানুষ লড়াই করেন অন্যের ক্ষতি করতে। সময়ই কথা বলবে।” কংগ্রেসের ইমরান মাসুদ বলেন, “গণতন্ত্রে সকলের জোট গড়ার অধিকার রয়েছে। পরিস্থইতি বুঝে এগোব আমরা। সেই মতো কৌশল রচনা করব।”
ওয়েইসি এবং আজাদের জোটে শেষ পর্যন্ত বিজেপি-র জয়ের রাস্তা প্রশস্ত করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশও। তাঁদের মতে, উত্তরপ্রদেশের সভা থেকে মুসলিমদের সমস্যা তুলে ধরছেন ওয়েইসি। আজাদ দলিত এবং মুসলিম, দুই গোষ্ঠীর কথাই তুলে ধরছেন। তাঁদের জোট যদি দলিত এবং মুসলিম ভোটে ভাঙন ধরাতে পারে এবং পাসী, বাল্মীকীর মতো উপজাতি ভোট যদি সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের থেকে কিছুটাও সরে আসে বিজেপি-র দিকে, তাহলেই I.N.D.I.A শিবিরকে আটকে দেওয়া যাবে।
উত্তরপ্রদেশে প্রচার শুরু করে দিয়েছেন ওয়েইসি। ২০২২ সালে মুসলিম অধ্যুষিত যে আসনগুলিতে জিতেছিল সমাজবাদী পার্টি, সেই মাতেরা, বাহরাইচকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। মুসলিমদের তিনি আর্জি জানিয়েছেন, যাদব-গাঁধীদের আশায় না থেকে AIMIM-কে ভরসা করার সময় এসেছে। কারণ AIMIM তাঁদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাখবে না, তাঁদের মধ্যে থেকে নেতা তুলে আনবে। এর আগে, গত বছর বিহারেও আজাদের সঙ্গে জোট গড়েছিলেন ওয়েইসি। OBC নেতা স্বামী প্রসাদ মৌর্যকেও পাশে পেয়েছিলেন। সেখানে ২৮টি আসনে লড়াই করে পাঁচটিতে জয়ী হয় AIMIM. মোট ভোটের ১৫.২৪ শতাংশ তাদের ঝুলিয়ে যায়। ১৮টিতে আসনে প্রার্থী দিলেও একটিতেও জয়ী হয়নি আজাদের দল। জামানত বাজেয়াপ্ত হয় তাদের। ভোট পায় মাত্র ২.৬৮ শতাংশ।
Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
