মাউন্ট মাউনগানুই: ক্যাচ ফেলার মাশুল। একবার নয়, দু-দুবার পড়ল উইল ইয়ংয়ের ক্যাচ। একই ওভারে পরপর ২ বলে। দুবার প্রাণরক্ষা পান উইল ইয়ং। আকিব নবির পরপর ২ বলে তাঁর ক্যাচ ফেললেন রোহিত শর্মা ও উইকেটকিপার ঈশান কিষাণ। ৫ রানে তখন ব্যাট করছিলেন তিনি। সেই ইয়ং ওয়ান ডে কেরিয়ারের সর্বোচ্চ রান করে গেলেন ভারতের বিরুদ্ধে। ১০৮ বল খেলে নমন ধীরের শিকার হয়ে যখন ড্রেসিংরুমের দিকে হাঁটা দিলেন, ইয়ংয়ের নামের পাশে জ্বলজ্বল করছে ১২৫ রান।
এর আগে ওয়ান ডে ক্রিকেটে ইয়ংয়ের সর্বোচ্চ স্কোর ছিল ১২০। সেই অঙ্ক ছাপিয়ে গেলেন তিনি। তাঁর সেঞ্চুরির সৌজন্যে বড় স্কোর তুলল নিউজ়িল্যান্ড। ৫০ ওভারে ৩৩৩ রানে অল আউট হল তারা। কঠিন পরীক্ষা রো-কো জুটির। রান তাড়া করতে নেমে কি ম্যাজিক দেখাতে পারবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা?
পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে রয়েছে ভারত। সিরিজের তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। প্রথম দুই ম্যাচেও বাদ সেধেছিল বৃষ্টি। তবে মাউন্ট মাউনগানুইয়ে চতুর্থ ম্যাচে রোদ ঝলমলে আকাশ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। টেস্ট সিরিজের প্রস্তুতি সারবেন বলে সিরিজের শেষ ২টি ওয়ান ডে ম্যাচ খেলছেন না শুভমন গিল। তাঁর পরিবর্তে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার। তিনি জানিয়ে দেন, রান তাড়া করার কৌশল অবলম্বন করছেন।
Auqib Nabi gets his second wicket of the innings as Kristian Clarke is given out LBW! Live – https://t.co/5IIzn3UMi2 #NZvIND https://t.co/t1YSMXJBMJ
— BCCI (@BCCI) November 13, 2026
তবে উইল ইয়ংয়ের জোড়া ক্যাচ ফেলে নিউজ়িল্যান্ডের সুবিধা করে দেন রোহিত ও ঈশান। ওপেনিং জুটিতে ১২ ওভারে ৮৫ রান তোলে নিউজ়িল্যান্ড। এরপর ১১ রানের ব্যবধানে ২ উইকেট হারান কিউয়িরা। ৪৮ বলে ৫৮ রানে ফেরেন টিম সেইফার্ট। ৩০ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ফিন অ্যালেন।
তবে শেষদিকে পরপর উইকেট তুলে নেয় ভারত। একটা সময় মনে হচ্ছিল, সাড়ে তিনশো পেরিয়ে যাবে নিউজ়িল্যান্ডের স্কোর। সেখান থেকে ৩৩৩ রানে শেষ হয় তাদের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট আকিব নবি, গুরনূর ব্রার ও অক্ষর পটেলের।
আরও পড়ুন: প্রতিশোধের সুযোগ জুনিয়র সহবাগ-দ্রাবিড়দের সামনে, এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান
