ঢাকা: আগামী আইপিএলে হয়ত খেলতে দেখা যাবে মুস্তাফিজুর রহমনকে। বাংলাদেশের এই তারকা পেসারকে গত মরশুমে কেকেআর দলে নিয়েছিল। কিন্তু দু দেশের রাজনৈতিক সমীকরণের জন্য শেষ পর্যন্ত মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল নাইটরা। তবে বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে যে আসন্ন নিলামে নিজের নাম তুলেছেন মুস্তাফিজুর। এমনকী তিনি ছাড়াও আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম নিলামের টেবিলে দেখা যেতে পারে। নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম এই তালিকায় আছেন। বিসিবির তরফে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছেন, ‘এটি আইপিএল মিনি নিলামের একটি নিয়মিত প্রক্রিয়া। বিসিসিআই প্রতিটি ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে ও আগ্রহী খেলোয়াড়দের নাম জমা দিতে বলেছে। মুস্তাফিজুর মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করছেন। একইসঙ্গে আরও ৬ জন ক্রিকেটার বাংলাদেশের, যাঁরা এই তালিকায় নাম দিয়েছেন।’
উল্লেখ্য, গত নিলামে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুরকে ৯.২০ কোটি টাকা মূল্যে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নাম উঠে এসেছিল ফিজের। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল শাহরুখের ফ্র্যাঞ্চাইজি।
পরবর্তীতে দু-দেশের সম্পর্ক আরও অবনতির দিকে এগোয়। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও অচলাবস্থা তৈরি করেছিল। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি ভারতে দল পাঠাতে চায়নি। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও আইসিসি বিসিবির অনুরোধ রাখেনি। এরপর বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
যতদূর খবর, এই মাসের শেষের দিকেই গত আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে। তার আগে আপাতত খোলা আইপিএলের ট্রেড উইন্ডো। রমরমিয়ে চলছে দলবদল। ইতিমধ্যেই বেশ কয়েকজন হেভিওয়েট তারকা দলবদল করে ফেলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হবেন অক্ষর পটেলও। এই বছরের আইপিএল মরশুমটা অক্ষরের জন্য ভাল কাটেনি। দিল্লি ক্যাপিটালস শুরটা ভাল করেও প্লে-অফে পৌঁছতে পারেনি। অক্ষর নিজেও আশানুরূপ পারফর্ম করতে পারেননি। তিনি ১৪ ম্যাচে ১৭৩ রান করেছিলেন ১৯.৩২ গড়ে ও ১৩১.০৬ স্ট্রাইক রেটে। ১১টি উইকেট নিয়েছিলেন তিনি। এই হতাশাজনক মরশুম এবং ইতিমধ্যেই দিল্লি ট্রেডের মাধ্য়মে প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থকে দলে নেওয়ায় অক্ষরের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়।
