মাউন্ট মাউনগানুই: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে ছিল ভারত। তৃতীয় ওয়ান ডে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। শুক্রবার চতুর্থ ম্যাচে ভারতের সামনে সমীকরণ ছিল খুব সহজ। জিতলেই নিউজ়িল্যান্ডের মাটিতে নিউজ়িল্যান্ডের দর্পচূর্ণ করার সুযোগ। ঘরের মাঠে টানা ১১টি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতেছে নিউজ়িল্যান্ড। তাদের সেই দৌড় থামিয়ে দেওয়ার মুখে ছিল ভারত।
কিন্তু টিম ইন্ডিয়া হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি যে, বাইশ গজে এরকম হেনস্থার মুখে পড়তে হবে সিরিজের চতুর্থ ম্যাচে। ম্যাচ জেতার জন্য ৩৩৪ রান তাড়া করতে নেমে ৮৯ রানে অল আউট হয়ে গেল ভারত! ২৪৪ রানে ম্যাচ হারল টিম ইন্ডিয়া। রানের নিরিখে যা ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ভারতের দ্বিতীয় বৃহত্তম পরাজয়।
টস জিতে নিউজ়িল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। তবে দিনটি যে ভারতের নয়, তার ইঙ্গিত যেন ছিল ম্যাচের শুরুতেই। ক্যাচ ফেলার মাশুল দিতে হল শ্রেয়স আইয়ারদের। একবার নয়, দু-দুবার পড়ল উইল ইয়ংয়ের ক্যাচ। একই ওভারে পরপর ২ বলে। দুবার প্রাণরক্ষা পান উইল ইয়ং। আকিব নবির পরপর ২ বলে তাঁর ক্যাচ ফেললেন রোহিত শর্মা ও উইকেটকিপার ঈশান কিষাণ। ৫ রানে তখন ব্যাট করছিলেন তিনি। সেই ইয়ং ওয়ান ডে কেরিয়ারের সর্বোচ্চ রান করে গেলেন ভারতের বিরুদ্ধে। ১০৮ বল খেলে নমন ধীরের শিকার হয়ে যখন ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন, ইয়ংয়ের নামের পাশে জ্বলজ্বল করছিল ১২৫ রান।
প্রথমে ব্যাট করে ৩৩৩ রানে অল আউট হয় নিউজ়িল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে ভারত তাকিয়েছিল রো-কো জুটির দিকে। রোহিত শর্মা ও বিরাট কোহলি। ১২ বছর আগে এই দিনই ইডেন গার্ডেন্সে বিশ্বরেকর্ড গড়েছিলেন রোহিত। ২৬৪ রান করেছিলেন। যা ওয়ান ডে ক্রিকেটে এখনও ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। অথচ সেই ঐতিহাসিক ১৩ নভেম্বর প্রথম বলেই ফিরলেন রোহিত। ০ করে। ম্যাট হেনরির বলে। সেই ওভারেই আরও ২ উইকেট তুলে নেন হেনরি। কিউয়ি পেসার পরপর ২ বলে তুলে নেন বিরাট কোহলি ও এই ম্যাচের অধিনায়ক শ্রেয়সকে। ১ ওভারের শেষে ভারতের স্কোর দাঁড়ায় ০/৩!
কাইল জেমিসনের বলে বলে রুতুরাজ গায়কোয়াড় যখন ফেরেন, স্কোরবোর্ড দেখাচ্ছিল ৯/৪। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। ২৬.৪ ওভারে ৮৯ রানে অল আউট হয়ে যায় ভারত। ২৭ রানে ৬ উইকেট ম্যাট হেনরির। তিনিই ম্যাচের সেরা। শ্রীলঙ্কার কাছে ২৪৫ রানে হার ভারতের বৃহত্তম। নিউজ়িল্যান্ডের কাছে দ্বিতীয় বৃহত্তম পরাজয় হজম করতে হল টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
