সন্দীপ সরকার, কলকাতা: মাটি না মেলায় পিচ তৈরি হয়নি নির্দিষ্ট সময়ে। সঙ্গে বর্ষা বিদায়ের পরেও বৃষ্টি। সব মিলিয়ে মরশুমের শুরুতেই বিপাকে সিএবি (CAB)। সূচি প্রকাশ করে দেওয়ার পরেও পিছিয়ে দিতে হল স্থানীয় ক্রিকেটের ম্যাচ। যা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে সিএবি অনুমোদিত ক্লাবগুলির মধ্যে।
১২ নভেম্বর, বৃহস্পতিবার প্রথম ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্ট দিয়ে শুরু হওয়ার কথা ছিল সিএবি-র স্থানীয় ক্রিকেট মরশুম। সিএবি যে সূচি প্রকাশ করেছিল, সেখানে প্রথম দিনই ছিল জোড়া ম্যাচ। গ্রুপ এ-তে ভবানীপুর ক্লাব বনাম বড়িশা স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল টোয়েন্টি টু ইয়ার্ডস স্পোর্টস স্কুলের মাঠে। আর তপন মেমোরিয়াল ক্লাব বনাম ইস্টবেঙ্গল ম্যাচ ছিল ডুমুরজলা মাঠে।
৭ নভেম্বর ফের একটি চিঠি পাঠিয়ে ক্লাবগুলিকে সিএবি-র তরফে জানানো হয়েছে যে, সেই দুই ম্যাচই পিছিয়ে দেওয়া হয়েছে। বদলে গিয়েছে মাঠও। ১২ নভেম্বরের পরিবর্তে ম্যাচগুলি হবে ৩০ নভেম্বর। টোয়েন্টি টু ইয়ার্ডস স্পোর্টস স্কুল ও ডুমুরজলা মাঠের বদলে খেলা হবে ইডেন গার্ডেন্স ও সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। শুধু এই দুই ম্যাচই নয়, প্রথম রাউন্ডের আরও তিনটি ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই। সূচি নিয়ে নতুন করে কাটাছেঁড়া করতে হচ্ছে সিএবি-কে।
কিন্তু কেন এই বিলম্ব? খোঁজ নিয়ে জানা গেল দুটি কারণের কথা। এক, মাটি সমস্যায় পিচ তৈরিতে দেরি হওয়া। দুই, দফায় দফায় বৃষ্টি।
ঘটনা হচ্ছে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই মাটি কাটা ও সরবরাহ নিয়ে কড়াকড়ি করেছে নতুন সরকার। আগে সিএবি যে ঠিকাদারদের থেকে মাটি নিত, তাঁরা কেউই বৈধ লাইসেন্সপ্রাপ্ত নন। অবৈধভাবে মাটি কেটে তা সিএবি-কে সরবরাহ করা হতো বলে অভিযোগ। সরকার বদলের পরই তাঁরা আর কেউ মাটি সরবরাহ করতে পারেননি বৈধ কাগজ না থাকায়। প্রশাসন থেকে সিএবি-কে জানিয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্তদের থেকেই মাটি নিতে হবে। যে কারণে ময়দানের সমস্ত মাঠে পিচ তৈরির মাটি সরবরাহ করতে গিয়ে বিপাকে পড়েছিল সিএবি। যে খবর আগেই লিখেছিল এবিপি লাইভ বাংলা।
তবে এরপরেও সঙ্কট কাটেনি। দেরি হলেও বৈধ ভেন্ডরদের থেকে মাটি নিয়েছিল সিএবি। কিন্তু সেই মাটির মান ভাল ছিল না বলেই জানিয়েছে সিএবি। শেষ পর্যন্ত অসম থেকে আনা মাটি দিয়ে পিচ তৈরি করা হয়। সব মিলিয়ে অনেকটা দেরি হয় পিচ প্রস্তুতির কাজ শুরু করতে। পাশাপাশি বৃষ্টি চলতে থাকায় মাঠ ও পিচ তৈরি নিয়ে সমস্যা আরও বাড়ে।
নির্ধারিত সময়ে যে স্থানীয় ক্রিকেট মরশুম শুরু করা যাবে না, ওয়াকিবহাল মহলের সকলেই তা বুঝতে পেরেছিলেন। কিন্তু তাও কেন সূচি তৈরি করে ফেলা হয়েছিল, প্রশ্ন তুলছে সিএবি-রই একাংশ। বলা হচ্ছে, পরিস্থিতি অনুযায়ী চললে মরশুমের শুরুতেই বিতর্ক তৈরি হতো না।
সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, গ্রাউন্ডস কমিটির প্রধান অমিতাভ আঢ্য, সিনিয়র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার দে, পর্যবেক্ষকদের কমিটির প্রধান শ্রীমন্ত কুমার মল্লিক, সিএবি-র চিফ এগজিকিউটিভ অফিসার চিন্ময় নায়েকদের প্রতিনিধি দল ৫ নভেম্বর ময়দানের মাঠগুলি পর্যবেক্ষণ করে। খোঁজ নিয়ে জানা গেল, তাঁরা একটি রিপোর্ট জমা দেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, নির্ধারিত সূচি মেনে খেলা শুরু করা যাবে না। তারপরই সূচিবদলের সিদ্ধান্ত।
ক্লাব কর্তাদের অনেকে প্রশ্ন তুলছেন, কেন আরও আগে মাঠ পর্যবেক্ষণ করে সূচি তৈরি করা হল না? সেক্ষেত্রে অহেতুক তৈরি হওয়া বিতর্ক এড়ানো যেত। ক্লাবগুলিও সেই বুঝে পরিকল্পনা ও প্রস্তুতির নকশা সাজাতে পারত।
কেন পিছিয়ে দিতে হল ক্রীড়াসূচি? সিএবি-র ট্যুর, ফিক্সচার ও টেকনিক্যাল কমিটির প্রধান দীপ চট্টোপাধ্যায় এবিপি লাইভ বাংলাকে বললেন, ‘পিচ এখনও প্রস্তুত নয়। তাই প্রথম ডিভিশনের গ্রুপ এ-র প্রথম রাউন্ডের খেলা পিছিয়ে দিতে হয়েছে। প্রথম রাউন্ডের খেলাগুলি শেষে হবে।’ কেন তৈরি করা গেল না পিচ? দীপ বললেন, ‘শেষ দুবার যে বৃষ্টি হল, তাতেই বিলম্ব হল। পিচের মাটি পেতেও দেরি হয়েছে এ কথা অনস্বীকার্য। গত মরশুমে ৬ নভেম্বর জে সি মুখোপাধ্যায় টি-২০ টুর্নামেন্ট দিয়ে মরশুম শুরু হয়ে গিয়েছিল। এবছর সেটা হয়তো দিন পনেরো পিছিয়ে যাবে। এবার পুজোও ছিল দেরিতে। বাকিটা চিফ কিউরেটর বা গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান বলতে পারবেন।’
সিএবি-র চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে এবিপি লাইভ বাংলাকে বললেন, ‘বৃষ্টির জন্য পিচ ও মাঠ প্রস্তুতিতে সমস্যা হয়েছে। তাই সূচি পিছিয়ে দিতে হয়েছে।’ পিচের মাটি নিয়ে সমস্যার কথা মেনে নিয়েও সুজন বললেন, ‘আগে তো পুজোর পর মাটি আসত। এখন তো অনেক আগে পিচ তৈরি হয়।’ কিন্তু গত মরশুমে তো ৬ নভেম্বর স্থানীয় ক্রিকেট শুরু হয়েছিল? মানলেন না সুজন। বললেন, ‘সেই ম্যাচগুলি হয়েছিল ইডেন গার্ডেন্স, কল্যাণী, বারাসাত বা যাদবপুরে।’
সুজন আরও বললেন, ‘সিএবি-র কিছু করার নেই। স্থানীয় যে সরকারি কন্ট্রাক্টর মাটি দিয়েছিলেন, সেই মাটির মান ভাল ছিল না। মনে হয় না উনি পিচের মাটি নিয়ে খুব একটা ওয়াকিবহাল। তাই অসম থেকে আনা মাটি পিচ তৈরিতে ব্যবহার করা হয়েছে। বিলম্ব কিছু হয়নি। ভারতের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ হয় আমাদের এখানে। মাঠ কয়েকটা বাড়লে এত বিতর্ক হয় না। এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ করা উচিত। ক্রিকেট মরশুমে ম্যারাথন থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা, বিভিন্ন কারণে মাঠের ক্ষতি হয়। মাঠ বাড়লে হয়তো এই সমস্যা আর হবে না।’
