পারথ: স্বপ্নের অভিষেক! মালি বিয়ার্ডমানের (Mahli Beardman) ওয়ান ডে অভিষেক কেমন ছিল, সেটা জানার জন্য এই দুইটি শব্দই যথেষ্ট। নিজের ঘরের মাঠে কেরিয়ারের প্রথম ওয়ান ডে খেলতে নেমেছিলেন বিয়ার্ডম্যান। তরুণ ২১ বছর বয়সি ফাস্ট বোলার নিজের সেই অভিষেক ম্যাচেই ইংল্যান্ডকে (AUS vs ENG) ধরাশায়ী করে নিজের জাত চেনালেন।
‘স্যান্ডপেপার গেট’ কাণ্ডে পুনরায় জেরবার অস্ট্রেলিয়ান ক্রিকেট। অজ়ি সাজঘরের খারাপ পরিবেশ থেকে, খেলোয়াড়দের মিথ্যা বলার অভিযোগ, প্রকাশ্যে অজ়ি অধিনায়ক প্যাট কামিন্সের নিজের স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া, সব মিলিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে বর্তমানে প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি। সেই আবহেই উসমান খোয়াজার বই ‘সবর’-এ স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে যে বিস্ফোরক দাবি করা হয়েছিল, সেইসব প্রশ্নের জবাব দিতে সাংবাদিক সম্মেলন করেন কামিন্স। এমন পরিস্থিতিতেই তার কয়েক ঘণ্টা পরেই শুরু হয় অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের প্রথম ওয়ান ডে। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচের ফলাফলের দিকে বাড়তি নজর ছিল সকলের।
আরও পড়ুন:- ‘বিশ্বকাপের মতো পরিবেশে’ দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার প্রসিদ্ধ তারকা ত্রয়ীর অনুপস্থিতিতে অভিষেক ঘটানোর সুযোগ পেয়েছিলেন বিয়ার্ডম্যান। আর সেই সুযোগেই একেবারে ছক্কা, থুরি বোল্ড। ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭.৪ ওভারে ২৪ রান খরচ করে ছয় ছয়টি উইকেট তুলে নেন বিয়ার্ডমান। রচিত হয় ইতিহাস। তিনি ৩৮ বছরে প্রথম অস্ট্রেলিয়ান বোলার হিসাবে ওয়ান ডে অভিষেকে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন। অবশ্য তাঁর বোলিং ফিগারই কোনও অস্ট্রেলিয়ান পুরুষের অভিষেক ওয়ান ডেতে সেরা বোলিং।
বিয়ার্ডমানের উইকেট শিকারিদের নাম দেখলে কিন্তু এই সাফল্যের মাহাত্ম্য আরও বেড়ে যায়। তিনি টেল এন্ডার নয়, বরং গোটা ইংল্যান্ড মিডল অর্ডারকেই একের পর এক সাজঘরে ফেরান। সেই তালিকায় ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক, বর্তমান বিশ্বের সর্বসেরা ব্যাটারদের অন্যতম জো রুট থেকে স্যাম কারানরাও ছিলেন। তিনি টেলএন্ডকেও সাফ করতে সময় নেননি। সব মিলিয়ে একেবারে ঘরের মাঠে স্বপ্নের অভিষেক। আর সেই অভিষেক ম্যাচে আগুনে বোলিংয়েই ঝলসে যায় ইংল্যান্ড।
প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে অন্তর্বর্তীকালীন অজ়ি অধিনায়ক মিচেল মার্শ দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে সাত উইকেটে দলের জয় সুনিশ্চিত করেন। পুরুষদের ক্রিকেটে সর্বকালীন পঞ্চম সেরা অভিষেক স্পেলের সুবাদে বিয়ার্ডমানকে স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।
