নয়াদিল্লি: সপ্তাহান্তে এক লো স্কোরিং টানটান ম্যাচে নিউজ়িল্যান্ডকে হারিয়ে টি-২০-র পর ওয়ান ডে সিরিজ়ও জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। সাত বছর পর ঘরের মাঠে কোনও ওয়ান ডে সিরিজ় হারতে হয়েছে কিউয়িদের। আবার কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে এটাই ভারতের প্রথম অ্যাওয়ে ওয়ান ডে সিরিজ় জয়ও বটে।
দিন তিনেক পরেই দুই দলের টেস্ট সিরিজ় শুরু হয়ে যাবে। তবে সেই সিরিজ়ে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) দেখতে পাওয়া যাবে না। তাঁরা আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। তাহলে ফের আবার কবে রো-কোকে ভারতের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
সমর্থকদের জন্য সুখবর, ভারতের দুই মহাতারকাকে ফের একবার ভারতের জার্সি গায়ে খেলতে দেখার জন্য কিন্তু খুব বেশি অপেক্ষা করতে হবে না। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শেষ হওয়ার পরপরই আগামী মাসে ফের একবার ভারতীয় দল ওয়ান ডে ক্রিকেট খেলতে নেমে পড়বে। ঘরের মাঠে ডিসেম্বরেই পড়শি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলতে নামবে টিম ইন্ডিয়া।
১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজ়ের তিনটি ওয়ান ডে ম্যাচ যথাক্রমে বিশাখাপত্তনম, বেঙ্গালুরু এবং আমদাবাদে আয়োজিত হবে। এটাই কিন্তু চলতি বছরে ভারতের শেষ ওয়ান ডে সিরিজ় হতে চলেছে। তবে প্রাথমিকভাবে কিন্তু এই তিনটি ম্য়াচের প্রথম ম্যাচটি বিশাখাপত্তনমে আয়োজিত হওয়ার কথা ছিল না। শেষবেলায় এই সিরিজ়ের সূচিতে বদল ঘটানো হয়েছে।
আরও পড়ুন:- অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ে ভারতের উচ্ছ্বসিত সেলিব্রেশনের সমালোচনা করেও পাকিস্তানকে খোঁচা প্রাক্তনীর
নয়াদিল্লিতে ১৩ ডিসেম্বর ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান ডে সিরিজ়ের প্রথম ম্যাচ আয়োজনের কথা ছিল। তবে এই ম্যাচ আয়োজন ঘিরে দীর্ঘদিন ধরেই সংশয় ছিল। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছিল ডিডিসিএ-র তরফে অরুণ জেটলি স্টেডিয়াম থেকে ম্যাচ সরানোর অনুরোধ করা হয়েছে। সেই জল্পনা সত্যি করে অবশেষে এই ম্যাচ সরিয়ে ফেলা হয়েছে।
নয়াদিল্লি থেকে সরিয়ে এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম, বিশাখাপত্তনমে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে এই ভেন্যু বদলের সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়েও দেওয়া হয়েছে। বোর্ডের ভেন্যু-অ্যালোকেসন পলিসি অনুযায়ীই নয়াদিল্লি থেকে ম্যাচ সরায় তা বিশাখাপত্তনমে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া।
