সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে তিনি আইপিএল জিতেছেন। কিন্তু তার পরেও তাঁকে ছেড়ে দিয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। রিটেন করেনি।
সেই কলকাতায় ফের টি-২০ ম্যাচ খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার। তাঁর বিধ্বংসী ব্য়াটিং দেখার সুযোগ পেতে পারেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। যা জানলে শহরে ক্রিকেটের উন্মাদনা আরও বাড়তে পারে।
তবে আইপিএলে নয়, শ্রেয়স খেলতে আসতে পারেন সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে। ভারতীয় ক্রিকেট বোর্ডের যে টুর্নামেন্টে এলিট গ্রুপ ডি পর্বের খেলাগুলি আয়োজিত হচ্ছে কলকাতায়। ইডেন গার্ডেন্স ও সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। মুম্বইয়ের খোেলা পড়েছে কলকাতায়। পরপর দুই ম্যাচ জিতে গ্রুপ পর্বে দারুণ শুরু করেছে মুম্বই। সূর্যকুমারের নেতৃত্বে শনিবার হায়দরাবাদ ও সোমবার গুজরাতকে উড়িয়ে অভিযান শুরু করেছে মুম্বই।
টুর্নামেন্টের মাঝপথে আরও শক্তিশালী হতে পারে মুম্বই। কারণ, দলে যোগ দিতে পারেন শ্রেয়স। তিনি ভারতের টি-২০ দলের অধিনায়ক। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সে দেশে গিয়ে তাঁর নেতৃত্বে টি-২০ সিরিজ জিতেছে ভারত। ওয়ান ডে দলেও ছিলেন শ্রেয়স। সবচেয়ে বড় কথা, পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ দুই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন শ্রেয়স। টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য শেষ দুটি ওয়ান ডে-তে খেলেননি শুভমন গিল। তাঁর পরিবর্তে দলকে শেষ দুই ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দেন শ্রেয়স। রবিবার শেষ ম্যাচে নিউজ়িল্যান্ডকে হারিয়ে ওয়ান ডে সিরিজ ৩-১ জিতে নেয় ভারত।
টেস্ট সিরিজের দলে নেই শ্রেয়স। ওয়ান ডে সিরিজ জিতেই নিউজ়িল্যান্ড থেকে দেশে ফিরছেন তিনি। সোমবার গুজরাতের বিরুদ্ধে ম্যাচের পর মুম্বই শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, শ্রেয়স সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির পরের দিকের ম্যাচগুলি খেলার জন্য কলকাতায় আসতে পারেন।
সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে গ্রুপ পর্বে প্রত্যেক দল ৭টি করে ম্যাচ খেলবে। মুম্বইয়ের এখনও ৫টি ম্যাচ বাকি। কলকাতায় ২৬ নভেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের ম্যাচ। মুম্বই শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, বুধবার গ্রুপ পর্বের পরের ম্যাচে না হলেও দ্রুত কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে শ্রেয়সের।
তবে মুম্বই ক্রিকেট সংস্থা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। মুম্বই ক্রিকেট দল থেকে বলা হল, রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা শ্রেয়সের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা আশাবাদী, শ্রেয়স ঘরোয়া ক্রিকেটের এই টি-২০ টুর্নামেন্টে খেলার জন্য মুম্বই দলে যোগ দেবেন।
