নয়াদিল্লি: রেকর্ড পাঁচবার অধিনায়ক হিসাবে দলকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন। ১৭টি মরশুম ক্রিকেটার হিসাবে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অংশ ছিলেন। তবে গত মরশুমে চোটের কারণে একটিও ম্যাচ খেলতে পারেননি মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। এ মরশুমের রিটেনশন ডেডলাইন ডে-তেই বড় ঘোষণা করা হয়েছে হলুদ ব্রিগেডের তরফে। জানিয়ে দেওয়া হয়েছে খেলোয়াড় হিসাবে আর সিএসকের জার্সিতে ‘থালা’-কে দেখা যাবে না। তিনি দলের মেন্টরের ভূমিকা পালন করবেন।

এই ঘোষণার পরেই স্বাভাবিকভাবেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। ধোনির মতো মাপের ক্রিকেটারের চিরতরে বিদায়, এক অধ্যায়ের অবসানে তো স্বাভাবিকভাবেই আলোচনা হবে। তবে মাহি আর চারজনের থেকে সবসময়ই আলাদা। তিনি নীরবে, নিভৃতে সরে যেতে ভালবাসেন, সকলকে চমকে দিতে ভালবাসেন। ঠিক যেমনভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি সরে দাঁড়িয়েছিলেন, সেইভাবেই নীরবেই তিনি আইপিএল তথা খেলোয়াড় হিসাবে নিজের কেরিয়ারে ইতি টানলেন।

‘ক্যাপ্টেন কুল’ হিসাবে পরিচিত মাহি কিন্তু নিজের সিদ্ধান্তের কথাটিও তাঁর ফ্র্যাঞ্চাইজ়িকে ঠান্ডা মাথায় খুবই শান্তভাবে জানিয়েছিলেন। ধোনির অবসরের সিদ্ধান্ত ঘোষণার আলোচনার বিষয়টি সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করেন সিএসকের অন্যতম কর্ণধার রূপা গুরুনাথ। তিনি জানান গত শনিবার এক টিম মিটিংয়ের একেবারে শেষের দিকে যখন দল রিলিজ় তালিকা, আসন্ন আইপিএলে নিজেদের পরিকল্পনা ইত্যাদি বিষয়ে আলোচনা করছিলেন, তখন ধোনি তাঁকে রিলিজ় করার কথা জানান। রূপা জানান ধোনির এই সিদ্ধান্তে সকলেই হতচকিত হয়ে গিয়েছিলেন।

সিএসকের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতে তিনি বলেন, ‘কাদের ছেড়ে দেওয়া হবে সেই তালিকা নিয়ে শনিবার আমরা আলোচনা করছিলাম। ক্রিকেটের না না বিষয়ে আলোচনা হচ্ছিল। কাদের নেওয়া হবে, পরবর্তী মরশুমের জন্য আমাদের পরিকল্পনা কী হবে, সেই নিয়ে কথাবার্তা বলছিলাম। সেই আলোচনার একেবারে শেষেরদিকে কাশী (বিশ্বনাথন, সিএসকে সিইও) কাদের রিলিজ় করা হবে, সেই তালিকা পড়ছিলেন। তখনই খুব আস্তে করে ঠান্ডা গলায় ধোনি জানান যে তাঁর নামও ওই তালিকায় যুক্ত করা হোক। বিশ্বাস করবেন না, সেই ভিডিও কলে এই কথাটা শোনার পরে সকলেই চুপ করে যান।’

 

রূপা অবশ্য এও জানান যে কিছু মাস আগেই ধোনি আভাস দিয়েছিলেন যে তিনি আসন্ন আইপিএল মরশুমে খেলতে পারবেন না। তারপরেও তাঁর এই সিদ্ধান্ত সকলকে বিস্মিত করেই। আইকনিক সাত নম্বর জার্সির অবসর ঘোষণায় সিএসকের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) তাঁকে এক আবেগঘন বার্তায় বিদায় জানান।

 

রুতুরাজ গায়কোয়াড় মাহির সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে লেখেন, ‘আমি যখন ২০১৯ সালে সিএসকেতে যোগ দিয়েছিলাম, তখন আপনাকে দেখে আমি সারল্যের আসল অর্থটা বুঝেছিলাম। আপনার প্রচুর সাফল্য সত্ত্বেও সেটাই আপনার থেকে আমি সবথেকে বেশি করে শিখেছি। আপনার সঙ্গে সাজঘর, ২২ গজ, মাঠ ভাগ করা এবং একসঙ্গে ম্যাচ শেষ করতে পারাটা একেবারে স্বপ্নের মতোই। আপনি সর্বদা আমাদের থালা থাকবেন, আমাদের অধিনায়ক, নেতা থাকবেন। সবকিছুর জন্য অনেক ধন্যবাদ মাহি ভাই।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *