সন্দীপ সরকার, কলকাতা: ক্যান্সার আক্রান্ত বাবার মৃত্যুসংবাদ পেয়ে মুম্বই থেকে কলকাতায় ফিরে এসেছিলেন। বাবার শেষকৃত্য সম্পন্ন করেই মুম্বইয়ে গিয়ে দলের সঙ্গে যোগ দেন সায়ন ঘোষ। মাঠে নেমেই শক্তিশালী কর্নাটকের বিরুদ্ধে নেন ৪ উইকেট।
৩৬ দিন জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়ে অভিষেক পোড়েল যখন বাংলা দলে জায়গা পান, সতীর্থদের প্রাক মরশুম প্রস্তুতি অনেক দূর এগিয়ে গিয়েছে। সেই খামতি দূর করতে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠের নেটে চড়া রোদে ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং অনুশীলন সারেন। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই সেঞ্চুরি। সোমবার চণ্ডীগড়ের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে ম্যাচের সেরা।
এরকম ছোট ছোট ঘটনার কোলাজ থেকেই বোঝা যায়, বাংলা দলের বুনন। কোচ লক্ষ্মীরতন শুক্লর কথায়, ‘ফলাফলই সব সময় শেষ কথা বলে না। ছেলেদের মানসিকতা, সাফল্যের খিদেটাই প্রধান। সেটা আমাদের দলে রয়েছে ভরপুর।’
ঘরোয়া ক্রিকেটের সেরা টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে কর্নাটকের বিরুদ্ধে আগের ম্যাচে পরাজয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল বাংলা। সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮৫ রানের ব্যবধানে উড়িয়ে দিল চণ্ডীগড়কে। ২ ম্য়াচে ৪ পয়েন্ট পেয়ে এলিট গ্রুপ এ-তে তিন নম্বরে উঠে এল বাংলা। বঢোদরার সঙ্গে পয়েন্ট সমান হলেও নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকায় তিনে বাংলা।
আরও পড়ুন: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
সোমবার টস জিতে বাংলাকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় চণ্ডীগড়। দুই ওপেনার – অভিষেক পোড়েল ও করণ লাল ঝোড়ো শুরু করেন। মাত্র ৬ ওভারে ৭৪ রান বোর্ডে তোলে বাংলা। কিন্তু পরের ১০ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। বিনা উইকেটে ৭৪ থেকে ৮৪/৩ হয়ে যায় বাংলা। ১৫ বলে ২৩ রান করে ফেরেন করণ। পোড়েল ২৬ বলে করেন ৫৩ রান। সুদীপ কুমার ঘরামি ২ রানে আউট হন। শেষের দিকে শাকির হাবিব গাঁধী ২৪ বলে ৩৪ ও ঋষভ চৌধুরী ১৯ বলে ৩৩ রান করে বাংলাকে ২০০/৭ স্কোরে পৌঁছে দেন।
রান তাড়া করতে নেমে ১৫.৫ ওভারে ১৫৫ রানে অল আউট হয়ে যায় চণ্ডীগড়। একমাত্র অর্জুন আজাদ (২৬ বলে ৪৭ রান) ছাড়া আর কেউই রান পাননি। বল হাতে জ্বলে উঠলেন মুকেশ কুমার। ২.৫ ওভারে মাত্র ৯ রান দিয়ে নিলেন ৪ উইকেট। করণ ব্যাটে রান করার পর বল হাতে ২৪ রানে নিলেন ৩ উইকেট। প্রদীপ্ত প্রামানিক ২টি ও মহম্মদ শামি ১টি উইকেট পান।
