সন্দীপ সরকার, কলকাতা: দেশকে টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক হিসাবে। তবে তার কয়েক মাস পরেই ছিনিয়ে নেওয়া হয়েছে তাঁর নেতৃত্বের মুকুট। ছাঁটাই হয়েছেন দল থেকেই!

রাশি রাশি অভিমান বুকে নিয়ে ক্রিকেট মাঠে নতুন লড়াই শুরু করেছেন সূর্যকুমার যাদব। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে তিনিই মুম্বইয়ের অধিনায়ক। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে কেরিয়ারের দ্রুততম টি-২০ হাফসেঞ্চুরি করার পরই তিনি শপথ নিয়েছেন, জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাবেনই। জাতীয় নির্বাচকেরা খেলা দেখতে এলে আরও আগ্রাসী ব্যাটিং করবেন বলেও নিজের অঙ্গীকারের কথা জানিয়েছেন স্কাই। এবিপি লাইভ বাংলাকে বলেছিলেন, ‘নির্বাচকেরা যেখানে বসছে, ছক্কা সেখানেই মারব।’

প্রথম ম্যাচে বিরাট জয়ের পর খোশমেজাজে সূর্যকুমার। ভক্তদের সঙ্গে দেদার সেলফি তুলছেন, মেটাচ্ছেন অটোগ্রাফের আব্দার। এক অনুরাগীকে নিজের ক্যাপ তুলে দেবেন বলে কথা দিলেন। হাসি-ঠাট্টা, মুম্বইয়ের প্রাণবন্ত মেজাজ ঠিকরে বেরচ্ছে সূর্যকুমারের আচরণে, কথাবার্তায়।

তার মাঝেই আজব এক কাণ্ড করেছেন স্কাই। তিনি সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সিএবি-র যে ক্যান্টিন আছে, সেখানকার তত্ত্বাবধায়ক মানিক প্রধানের কাছে আব্দার করে বসেন, খাসির মাংস খাওয়াতে হবে। একেবারে বাঙালি আদলে রান্না করে। মানিক সেই আব্দার মেটাতে দেরি করেননি। বিশ্বকাপজয়ী অধিনায়ককে পছন্দের খাবার রেঁধে খাওয়ানোর বন্দোবস্ত করেন।

আর প্রিয় পদ পেয়ে সিএবি ক্যান্টিনের মেঝেতেই বসে পড়েন সূর্যকুমার। সরফরাজ খানকে সঙ্গে নিয়ে মেঝেতে বসেই আহার করেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল কাঁপানো তারকা। একটা সময় যিনি ছিলেন কলকাতার ঘরের ছেলে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলতেন। সেই দিনগুলির কথা এখনও মনে রেখেছেন সূর্যকুমার।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সিএবি-র ক্যান্টিনের মেঝেতে বসে খেতে দেখা গিয়েছে সূর্যকুমার ও সরফরাজকে। পাতে কী কী ছিল? খাসির মাংস, ভাত, রুটি ও ডাল। সূর্যকুমার ভিডিওতে বলেন, ‘মানিকভাইকে বলেছিলাম মাটন রাঁধতে। সেই আয়োজন করেছে মানিকভাই। দারুণ খেলাম।’ রসনাতৃপ্তিতে সন্তুষ্টির কথা বলেন সরফরাজও।

এবিপি লাইভ বাংলাকে পরে মানিক বললেন, ‘যা খেতে চেয়েছিলেন, তারই আয়োজন করেছিলাম। এরকম মাটির মানুষ দেখা যায় না। বিশ্বকাপজয়ী অধিনায়ক মাটিতে বসে আর পাঁচজনের মতো করেই রুটি মাংস খেলেন। আমি অভিভূত!’

সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে সোমবার সল্ট লেকেই মুম্বইয়ের সামনে গুজরাত। বেলা সাড়ে বারোটা থেকে হবে সেই ম্যাচ। ফের কি সৌর-ঝড়?

আরও পড়ুন: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *