জোহানেসবার্গ: দিনকয়েক আগেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুরন্ত দ্বিশতরান হাঁকিয়েছিলেন তিনি। এবার প্রোটিয়াভূমে ফের একবার বাংলাদেশের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন তৌহিদ হৃদয় (Towhid Hridoy)। হাঁকালেন অনবদ্য শতরান, লিটন দাসের (Litton Das) সঙ্গে দ্বিশতরানের পার্টনারশিপে দলকে বিরাট চাপের মুখ থেকে রক্ষাও করলেন।

এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে শুরুতেই বল হাতে আগুন ঝরিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। খাতা খোলার আগেই তিনি মোফিজ়ুল ইসলাম ও মোমিনুল হককে সাজঘরে ফেরত পাঠান। এরপর ১২ রানে তাঁর শিকার হন বাংলাদেশি অধিনায়ক শান্তও। তানজ়িদ হাসান লড়াই করার চেষ্টা করেন। তিনি তৌহিদের সঙ্গে মিলে বাংলাদেশকে শতরানের গণ্ডি পার করান। তবে এরপরে ফের একবার জোড়া ধাক্কা দেন রাবাডা।

প্রথমে ৬৭ রানে তানজ়িদ ও তারপর শূন্য রানে মুশফিকুরকে ফিরিয়ে পাঁচ উইকেট পূরণ করেন রাবাডা। কেরিয়ারে ১৮তম বার টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেন রাবাডা। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা দাঁড়ায় ৬০৬। কিংবদন্তি অ্যালেন ডোনাল্ডকে উইকেটের নিরিখে পিছনে ফেলে দেন রাবাডা। তাঁর আগুনে বোলিংয়ে ১২১ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এমন পরিস্থিতিতেই তৌহিদ হৃদয় ও লিটন দাস পাল্টা লড়াই শুরু করেন।

আরও পড়ুন:- ফের ভারতের মাটিতে বসবে বিশ্বকাপের আসর, হবে চ্যাম্পিয়ন্স ট্রফিও, দিনক্ষণ ঘোষণা করে দিল আইসিসি 

দুইজনে মিলে আগ্রাসী ব্যাটিং শুরু করেন। লিটন ৭১ ও হৃদয় ৯৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। দেখতে দেখতে বাংলাদেশ দুইশো, তারপরে আড়াইশোর গণ্ডি পার করে। বল পুরনো হলে বিশেষ করে সাইমন হারমারকে একহাত নেন হৃদয়। একের পর এক বল বাউন্ডারি পার করান। দেখতে দেখতেই ১৯৪ রানে শতরানের গণ্ডি পার করে ফেলেন তিনি। বাংলাদেশ তিনশো রানের গণ্ডিও পার করে।

তবে যখন মনে হচ্ছিল দুরন্ত কামব্য়াক করে বাংলাদেশ দুরন্তভাবে দিনটা শেষ করবে, ঠিক তখনই দিনের শেষ বলে মার্কো জানসেন হৃদয়কে সাজঘরে ফেরান। রিভিউ নিয়েও লাভ হয়নি। ১৩৭ রানে আউট হন হৃদয়। তবে অপরপ্রান্তে লিটন এখনও ৯২ রানে অপরাজিত রয়েছেন। দিনের শেষে বাংলাদেশের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩২৭ রান। কাল বাংলাদেশ সমর্থকরা চাইবেন লিটন যেন নিজের ইনিংস শতরানের গণ্ডি পার করেও আরও অনেক এগিয়ে নিয়ে যাবেন।   

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *