নয়া দিল্লি: কোথায় প্রথম দেখা হয়েছিল রাজীব গান্ধী (Rajib Gandhi) ও সনিয়া গান্ধীর (Sonia Gandhi)? কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প? মা সনিয়ার বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে সেই গল্পই শোনালেন ছেলে রাহুল গান্ধী। শুধু তাই নয়, বাবা-মায়ের গল্প বলার ফাঁকে, নিজের প্রেমজীবনের কথাও উল্লেখ করেন। পাশাপাশি ইন্দিরা গান্ধী ও বাবা রাজীব গান্ধীর মৃত্যুর পর তাঁদের পারিবারিক জীবনে কীভাবে বদল এসেছিল, তারও স্মৃতিচারণ করেন রাহুল।

ক্যামব্রিজের রেস্তরাঁয় রাজীব-সোনিয়ার প্রথম দেখা

সনিয়ার লেখা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ (Belonging: A Journey of Love) বইয়ের প্রকাশ অনুষ্ঠানে রাহুল জানান, তাঁর বাবা-মায়ের প্রথম পরিচয় নিয়ে অনেক গল্প রয়েছে। তার মধ্যে অন্যতম ছিল ক্যামব্রিজের ভার্সিটি রেস্তরাঁয় তাঁদের প্রথম দেখা হওয়ার কাহিনি।

রাহুল জানান, বহু বছর পর তিনি যখন নিজে ক্যামব্রিজে পড়াশোনা করছিলেন, তখন নিজের প্রেমিকাকে নিয়ে সেই একই রেস্তরাঁয় গিয়েছিলেন। প্রেমিকাকে বলেছিলেন, ‘চল ভার্সিটি রেস্তরাঁয় যাই। দেখতে চাই, আমার বাবা-মা কোথায় প্রথম দেখা করেছিলেন।’

সেখানে গিয়ে বসার পর ওয়েটার মেনু নিয়ে এলে রাহুল তাঁকে জানান, এই রেস্তরাঁতেই তাঁর বাবা-মায়ের প্রথম দেখা হয়েছিল। একথা শুনে ওই ওয়েটার তাঁকে জানান, তিনি তাঁদের দু’জনকেই চেনেন। এমনকী, রাজীব ও সনিয়ার সম্পর্কে বেশ কিছু তথ্যও তাঁর জানা রয়েছে। অর্থাৎ, যে রেস্তরাঁয় একদিন রাজীব ও সনিয়ার প্রেমের গল্পের সূচনা হয়েছিল, সেখানেই বহু বছর পর নিজের জীবনের এক বিশেষ মুহূর্ত কাটিয়েছিলেন রাহুল।

পর বদলে গিয়েছিলেন সনিয়া

বই প্রকাশ অনুষ্ঠানে পরিবারের কঠিন সময়ের স্মৃতিও তুলে ধরেন রাহুল গান্ধী। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যার পর তাঁদের জীবনে কীভাবে আমূল পরিবর্তন এসেছিল, তা জানান তিনি।

রাহুলের জানান, ইন্দিরা গান্ধীকে গুলি করা হয়েছিল। এরপর তাঁরা হারিয়েছিলেন পরিবারের সবচেয়ে বড় ভরসা রাজীব গান্ধীকেও। বাবার মৃত্যুর পর তাঁর মা সনিয়া গান্ধীও সম্পূর্ণ বদলে গিয়েছিলেন। যে মা একসময় হাসতেন, আনন্দে থাকতেন, তাঁকে আর সেভাবে দেখা যেত না। তাঁর জায়গায় যেন এক অন্য মানুষকে পেয়েছিলেন তাঁরা।

রাহুল আরও জানান, সনিয়া গান্ধীর স্মৃতিশক্তি খুব ভালো। কিন্তু রাজীব গান্ধীর মৃত্যুর সময় কী ঘটেছিল, সেই প্রসঙ্গে জানতে চাইলে তিনি কিছুই মনে করতে পারেন না। রাজীব ও সনিয়ার সম্পর্কের কথা বলতে গিয়ে রাহুল বলেন, “তাঁর বাবা-মায়ের মধ্যে অসাধারণ ভালবাসা ছিল। কিন্তু রাজীব গান্ধীর চলে যাওয়ার পর সেই জীবন পুরোপুরি বদলে যায়। সনিয়া গান্ধীর কাছে সেই সময়টা ছিল অত্যন্ত ভয়ের। কারণ, এমন কিছু ঘটতে পারে, তার আশঙ্কা আগে থেকেই ছিল তাঁর।

‘মা-বাবাকে মাত্র একবার ঝগড়া করতে দেখেছি’

অনুষ্ঠানে রাজীব ও সনিয়া গান্ধীর দাম্পত্য জীবনের আরও একটি অজানা দিক সামনে আনেন রাহুল। তিনি জানান, মা-বাবাকে বহুবার তর্ক করতে দেখেছেন ঠিকই, কিন্তু তাঁদের মাত্র একবারই ঝগড়া করতে দেখেছিলেন। আর সেই সময়ও একটি বিশেষ ঘটনা ঘটেছিল। রাজীব গান্ধী তখন ফোনে কথা বলছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে। মা-বাবার সম্পর্কের এই ছোট ছোট স্মৃতিই যে তাঁর কাছে কতটা বিশেষ, কতটা কাছের, তা-ও উঠে আসে রাহুলের কথায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *