নয়াদিল্লি: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের তালিকায় শীর্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশের সেনাপ্রধান আসিম মুনির। তালিকায় শীর্ষস্থানে রয়েছেন মোট পাঁচ জন। শেহবাজে, মুনির ছাড়াও, শীর্ষস্থান দখল করেছেন সৌদি আরবের রাজা সলমন বিন আব্দুল-আজিজ আল-সৌদ, সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন বিন আব্দুল-আজিজ আল-সৌদ, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তইপ আর্দোয়ান। (Most Influential Muslims List)
রাজনীতি, ধর্ম, জ্ঞান-বিজ্ঞান, ব্য়বসা, সংস্কৃতি—সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী মুসলিমদের নিয়ে প্রতি বছর ‘দ্য মুসলিম ৫০০’ তালিকা প্রকাশ করে জর্ডনের ‘রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ় সেন্টার’। সেই তালিকাতেই এবার যৌথ ভাবে প্রথম স্থান দখল করেছেন পাঁচ জন। শেহবাজ এবং মুনির এই প্রথম এত বড় কৃতিত্বের অধিকারী হলেন। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্যই তাঁরা প্রথম স্থানে উঠে এসেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তালিকায় এর পরই রয়েছেন ইরানের আয়াতোল্লা মোজতবা খামেনই, জর্ডনের রাজা দ্বিতীয় আব্দুল্লা ইবন আল-হুসেন, কাতারের এমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। (Influencial Muslims List 2027)
আরও পড়ুন: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
২০২৬ সালের ৭ অগাস্ট সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়, যার আওতায় সামরিক ক্ষেত্রে পরস্পরকে সাহায্য়ে অঙ্গীকারবদ্ধ হয়েছে তিন দেশ। কোনও একটি দেশের উপর হামলা হলে, তাকে অন্য দুই দেশের উপর হামলা বলে ধরা হবে। পরস্পরকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি, গোয়েন্দাদের মধ্যে পারস্পরিক সংযোগ, একসঙ্গে প্রশিক্ষণ, সন্ত্রাসের মোকাবিলা, প্রতিরক্ষা সরঞ্জাম এবং অস্ত্র সরবরাহে সম্মত হয়েছে তিন দেশ।
NATO-র সঙ্গে ইতিমধ্যেই তুলনা শুরু হয়েছে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র। সৌদি আরব মূলত অর্থের জোগান দেবে। সামরিক বাহিনী, ড্রোন, প্রতিরক্ষা সরঞ্জাম জোগাবে তুরস্ক। সামরিক জোটে নিজেদের অভিজ্ঞতা, পারমাণবিক হামলা প্রতিরোধের ক্ষমতা যোগ করছে পাকিস্তান। এই চুক্তির দৌলতেই শেহবাজ এবং মুনির প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষে উঠে এলেন বলে মনে করা হচ্ছে। কারণ এতদিন তালিকায় জায়গা না পাওয়া মানুষজনের মধ্যেই পড়তেন তাঁরা।
এর আগে, সৌদি আরবের সঙ্গে যখন সামরিক চুক্তি স্বাক্ষর করে পাকিস্তান, সেই সময়ও শোরগোল পড়ে গিয়েছিল উপমহাদেশীয় রাজনীতিতে। পহেলগাঁও হামলার পর ভারত এবং পাকিস্তান মুখোমুখি সংঘাতে অবতীর্ণ হয়। তার পর পরই ওই চুক্তি স্বাক্ষরিত হওয়া দিল্লির জন্য অস্বস্তিকর বলেই মনে করেছিলেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নিয়েও একমত তাঁরা। উল্লেখযোগ্য বিষয় হল, গত কয়েক বছরে বার বার আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যু উস্কে দিয়েছে পাকিস্তান। তুরস্কের প্রেসিডেন্ট আর্দোয়ানের গলাতেও একই সুর ধরা পড়েছে। এখন তারা একজোট হওয়ায় উদ্বেগের যথেষ্ট কারণ আছে বলেই মনে করা হচ্ছে।
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে প্রথম ৫০ জনের নামই ক্রমান্বয়ে বসানো থাকে। বাকি ৪৫০ জনকে আলাদা আলাদা গোষ্ঠীতে বিভক্ত করা হয়। ওই তালিকায় একাধিক ভারতীয়রও নাম রয়েছে। নাম রয়েছে জামিয়ত উলেমা-ই-হিন্দের প্রেসিডেন্ট মৌলানা মাহবুদ মদানির। তিনি ১৮তম স্থানে রয়েছেন। গত বছর যদিও ১৬তম স্থানে ছিলেন। এবছর নেমে গিয়েছেন দুই ধাপ।
৫০০ সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় নাম রয়েছে জম্মু ও কাশ্মীরের হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়েজ উমর ফারুখের। AIMIM নেতা আসাদউদ্দিন ওয়েইসি, স্বঘোষিত ইসলামি ধর্মগুরু জাকির নায়েকের নামও রয়েছে তালিকায়, যিনি এই মুহূর্তে মালয়েশিয়ায় নির্বাসনে রয়েছেন। ব্যবসায়ী আজিম প্রেমজী, দাউদি বোহরার সৈয়দনা মুফাদল সৈফুদ্দিনও জায়গা পেয়েছেন তালিকায়।
পাশাপাশি, সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেয়েছেন বলিউড তারকা শাহরুখ খান, আমির খান, সলমন খান, শাবানা আজমি, সুরকার এআর রহমান।
Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
