উদয়পুর।। উদয়পুর পৌর পরিষদের ২৩টি আসনেই এবার পদ্ম ফোটানোর লক্ষ্যমাত্রা বিজেপির! নির্বাচনের আগেই জয়ের ব্যাপারে এমনই আত্মবিশ্বাসী দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়।বৃহস্পতিবার উদয়পুর পৌর পরিষদের বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে ঝড় তোলেন তিনি।

প্রচার চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে একাধিক কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেন বলেও দাবি করা হয়। পরবর্তীতে উদয়পুর পৌর পরিষদের ২২ নম্বর ওয়ার্ডে আয়োজিত হয় এক নির্বাচনী জনসভা।সেই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দেবরায় বলেন, রাজ্যে বিজেপি সরকার থাকলেই সুরক্ষিত থাকবে ভবিষ্যৎ প্রজন্ম।

তাই যারা এখনও কংগ্রেস ও সিপিএমের সমর্থনে রয়েছেন, তাঁদের কাছে পৌঁছে বিজেপি সরকারের উন্নয়ন ও দলের বক্তব্য তুলে ধরতে হবে।তিনি আরও দাবি করেন, আগরতলা পুরনিগম থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন পুরসভা ও নগর পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে।

বিশেষ করে মা-বোনেদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন বিজেপির দিকে রয়েছে বলে দাবি তাঁর।শুধু উদয়পুর নয়, আগরতলা পুরনিগম-সহ রাজ্যের ২১টি নগর সংস্থাতেই বিজেপি জয়লাভ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রদেশ সভাপতি।

এখন দেখার, বিজেপি সভাপতির এই ২৩-এ ২৩ জয়ের দাবি শেষ পর্যন্ত ভোটের ময়দানে কতটা বাস্তবায়িত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *