রাঁচি: বছর ছয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। তবে তারপরেও দীর্ঘদিন কেবল আইপিএলেই (IPL) খেলা চালিয়ে যাচ্ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তবে আর নয়। আইপিএলের আগামী মরশুমের আগে রিটেনশন ডেডলাইন ডের দিন করা হল সেই ঘোষণা। আইপিএল থেকেও ক্রিকেটার হিসাবে সরে দাঁড়ালেন মাহি। তারপরের দিনই সমর্থকদের সঙ্গে বিশেষভাবে অবসর উদযাপন করতে দেখা গেল প্রাক্তন ভারতীয় অধিনায়ককে।

গোটা বিশ্বে ধোনি অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। মাহিও তাঁর সমর্থকদের ততটাই সম্মান করেন। বারংবার তাঁর কথায় তো সেই কারণেই সমর্থকদের প্রসঙ্গ উঠে আসে। এমনকী নিজের অবসর ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতেও ছিল তাঁর অনুরাগীদের উল্লেখ। তো অবসর ঘোষণার পর তিনি নিজের অনুরাগীদের সঙ্গেই সেটা উদযাপন করবেন, সেটাই তো স্বাভাবিক। তেমনটাই দেখাও গেল।

আরও পড়ুন:- ‘সমর্থকরা আমায় ভুল প্রমাণ করেছেন’, বিদায়বেলায় সোশ্যাল মিডিয়ায় বিশেষ গান দিয়ে ধোনির আবেগঘন পোস্ট 

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ক্লিন শেভের মহেন্দ্র সিংহ ধোনিকে একদল অনুরাগীর সঙ্গে কেক কেটে, খেয়ে ও খাইয়ে তাঁর অবসর উদযাপন করতে দেখা গেল। ধোনির পরনে ছিল তাঁর প্রিয় ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হুডি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ধোনি হাসিমুখে একটি কেক কেটে সকলকে খাইয়ে দিচ্ছেন এবং নিজেও কেক খাচ্ছেন। আসলে এই কেকটি মাহির জন্য তাঁর জিম সতীর্থরা নিয়ে আসেন।

 

ভিডিওটি ভালভাবে লক্ষ্য করলেই দেখা যাবে যে ভিডিওটি আসলে কোনও এক জিমের মধ্যেকার। ধোনি যেখানে জিম করেন, সেখানে তাঁর অবসরের পরে জিমের সতীর্থরা তাঁর জন্য তাঁর কেরিয়ার এবং অবসর সেলিব্রেট করার জন্য এই কেকটি নিয়ে এসেছিলেন বলে ধরে নেওয়াই যায়। প্রসঙ্গত, ক্রিকেটার ধোনি অবসর নিলেও, তিনি আইপিএল থেকে সম্পূর্ণরূপে দূরে সরে যাচ্ছেন না। ধোনি এবার থেকে সিএসকেতে নতুন ভূমিকায় কাজ করবেন। তাঁকে আসন্ন মরশুম থেকে হলুদ ব্রিগেডের মেন্টর হিসাবে ডাগ আউটে দেখা যাবে। অধিনায়ক ধোনি সিএসকেকে প্রচুর সাফল্য এনে দিয়েছেন, এবার মেন্টর ধোনি কেমন কাজ করেন সেটাই দেখার বিষয়।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *