তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ছোটপর্দা থেকে সফর শুরু করেছিলেন তিনি, তারপরে পা রেখেছেন বড়পর্দা, ওয়েব সিরিজেও। সেখানেও তিনি জনপ্রিয়তা পেয়েছেন, অনুরাগীদের সংখ্যাও নেহাত কম নয় তাঁর। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। চলতি মাসের ২০ তারিখে হইচই এবং নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে, সৌমিতৃষার নতুন ওয়েব সিরিজ ‘মাঙ্গলিক’ (Mangolik)। মুখ্যভূমিকায় রয়েছেন সৌমিতৃষা আর জুটি বাঁধছেন গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee)। এক অসমবয়সী প্রেমের গল্প থেকে শুরু করে, এই সিরিজ জুড়ে রয়েছে রহস্যের জাল। গল্পে সৌমিতৃষার চরিত্রের নাম ইরা। ভালবাসার মানুষের জন্য, সে নাকি সব করতে পারে। বাস্তবেও কি সৌমিতৃষা এমনই? এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) দেওয়া সাক্ষাৎকারে অজানা গল্প শোনালেন সৌমিতৃষা কুণ্ডু।
‘মনের মানুষের জন্য সবকিছু করতে রাজি’
‘মাঙ্গলিক’ ওয়েব সিরিজে নিজের চরিত্র নিয়ে সৌমিতৃষা বলছেন, ‘আমি এর আগে অনেক চরিত্রেই অভিনয় করেছি। তবে ইরাকে আমার নিজের মতো মনে হয়েছে। বেশি কথা বলা, খুব প্রাণবন্ত একটা মেয়ে। ভালবাসার মানুষের জন্য সে সব কাজ করতে পারে। আবার প্রয়োজন পড়লে পরিণত ব্যবহারও করতে পারে। স্বামীর পাশে থাকতে পারে। আমিও অনেকটা ওইরকমই।’ সৌমিতৃষাও কি কখনও ভালবাসার মানুষকে পাওয়ার জন্য এমন মরিয়া হয়ে উঠেছেন? সৌমিতৃষা হেসে বললেন, ‘নাহ.. এমন কাউকে আমি পাইনি। তবে মনের মানুষ পেলে, সত্যিই তার জন্য সব করতে রাজি আমি।’
গাড়িতে সৌমিতৃষা, বাইক নিয়ে ফলো করছিলেন এক অনুরাগী, তারপর..
তাঁর অনুরাগীর সংখ্যা অনেক, সৌমিতৃষার জন্য কেউ এমন কোনও কাণ্ড ঘটিয়েছেন কি? অভিনেত্রী বলছেন, ‘একটা ঘটনার কথা খুব মনে পড়ে। একটি ছেলে আমায় ফলো করছিলেন একবার। আমি জানতাম, কিন্তু সাড়া দিইনি। ছেলেটি হয়তো ওঁর অনুরাগের কথাই জানাতে চেয়েছিলেন, কিন্তু আমার আগ্রহ ছিল না। সেই কারণেই মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলতে চাইনি। ছেলেটির সঙ্গে সেই কারণেই কোনও যোগাযোগ করিনি আমি। এভাবেই একদিন গাড়ি করে যাচ্ছি, ছেলেটি বাইক নিয়ে আমার গাড়ির পিছনে আসছিলেন। আমি লুকিং গ্লাসে দেখেছি। যেতে যেতে হঠাৎ সামনে একটি গাড়ি চলে আসে। ছেলেটির নজর আমার দিকে ছিল, হয়তো খেয়াল করেননি। ধাক্কা খেয়ে উনি পড়ে যান। পরে জানতে পেরেছিলাম ওঁর মাথায় স্টিচ পড়েছিল। কখনও বলিনি, আজ বলছি.. ঘটনাটায় আমার সত্যিই খারাপ লেগেছিল। আমার হয়তো কিছু করার ছিল না.. আমি ওঁর অনুভূতিকে আঘাত করতে চাইনি, সেই কারণেই যোগাযোগ করিনি।’
আরও পড়ুন: Srijla Guha: ‘তুমি আমায় ভালবাসা শেখাবে?’ জিতুর সঙ্গে ‘বন্ধুত্ব’, কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
