কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) সফরে হঠাৎ কী হল জিতু কমলের (Jeetu Kamal)? সদ্য যে ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে বারে বারে বিগ বসের সঙ্গে আলাদা করে কথা বলতে চাইছেন, ধাক্কা মারছেন দেওয়ালে। চ্যানেলের তরফ থেকে সদ্য যে ফুটেজ প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে, জিতুকে দেওয়ালে ধাক্কা মারতে দেখে ছুটে আসছেন ঘরের সকলে। আর এরপরেই বিগ বস তাঁকে কনফেশন রুমে ডেকে নেন। সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় জিতুকে। তিনি বলতে থাকেন যে, সবসময় তিনি ভাবনাচিন্তা করে কাজ করেন। কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সমস্ত সিদ্ধান্তই তিনি ভেবেচিন্তে নেন। ‘এসব কি চলছে..’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন জিতু। বিগ বসকে তাঁকে বদলে শোনা যায় যে, ‘জিতু আপনি একটু শান্ত হোন’।
জিতু আর সৃজলার সম্পর্কের সমীকরণের কারণেই কি বিব্রত অভিনেতা?
বিগ বসের ঘরে বর্তমানে চর্চায় জিতু আর সৃজলা গুহর (Srijla Guha) সমীকরণ চর্চায় রয়েছে। সৃজলাকে নিজের মনের কথা জানিয়েছেন জিতু। চিঠি দিয়ে থেকে শুরু করে, ক্যামেরার সামনেই ভালবাসার কথা জাহির করেছেন জিতু। কিন্তু সৃজলা? তিনি জিতুকে কোনও উত্তর দেননি। তবে বিগ বসের ঘরে প্রায় সবসময়েই এখন পাশাপাশি দেখা যায় জিতু এবং সৃজলাকে। এমনকি টাস্কের সময়ও জিতু যথাসাধ্য সাহায্য করেছেন সৃজলাকে। ব়্যাম্পে দাঁড়িয়ে থাকার যে টাস্কটি ছিল, গোটা টাস্কেই জিতু আর সৃজলা একে অপরকে সাহায্য করেছেন। শেষ পর্যন্ত অবশ্য ব়্যাম্প থেকে নেমে যান জিতু। তবে তারপরেও তিনি নমিনেট হননি। এতে সৃজলার অভিব্যক্তি অবশ্য সমালোচিত হয়েছে।
তবে এরপরে জিতু আর সৃজলাকে বারে বারে কথা বলতে দেখা গিয়েছে। তবে তাঁদের মধ্যে মান অভিমানের পালাও চলেছে। সৃজলার সামনে গিয়ে খাবারের প্লেট ধরেছেন জিতু। তা খেয়েও নিয়েছেন সৃজলা, খাইয়ে দিয়েছেন নিরঞ্জনকেও। তবে সৃজলা খেয়ে নেওয়ার পরে জিতু জানান, তিনি খাননি। সৃজলাকে তিনি মিথ্যা কথা বলেছিলেন যে, তিনি খেয়ে নিয়েছেন। এতে সৃজলা বিরক্ত হন এবং বলেন, তিনি এভাবে জিতুর মনের কথা কীভাবে বুঝবেন? অন্যদিকে জিতু যখন কনফেশন রুমে যান, তখন বিব্রত হতে দেখা যায় সৃজলাকেও। মাথায় নিচু করে বসে পড়েন তিনি। কারও কথা শুনতে চান না। তবে জিতু আর সৃজলার সম্পর্কের সমীকরণ নিয়েই কী বিব্রত জিতু? ভেঙে পড়ছেন কান্নায়? উত্তর মিলবে আজকের এপিসোডে।
আরও পড়ুন: Panchayat Season 5: ‘পঞ্চায়েত’-এর নতুন সিজন আসছে এই বছরেই, কবে মুক্তি? নতুন চমকেরও ইঙ্গিত
