নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ থেকে মহম্মদ সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিলেন ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তাঁর বক্তব্য, তাঁকে (সিরাজকে) বাদ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল না। ‘মেন ইন ব্লু গতি-নির্ভর বোলিং লাইনআপ বেছে নিয়েছে। চারজন সিমারকে মাঠে নামিয়েছে ভারতে। যাদের মধ্যে রয়েছেন যশপ্রীত বুমরা (যিনি বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন), অংশুল কম্বোজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং আকাশ দীপ।
ভারতীয় টেস্ট দলে সিরাজের জায়গা নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। কারণ টিম ম্যানেজমেন্ট প্রায়শই তাঁকে বেঞ্চে বসিয়ে রাখে। আর এ কারণেই ফ্যানরা প্রশ্ন তুলছেন যে, এমন একজন বহুমুখী প্রতিভাবান ফাস্ট বোলারকে কেন নিয়মিতভাবে মূল একাদশে রাখা হয় না। এই পরিস্থিতিতে প্রথম দিনের খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে কোটাক স্পষ্ট করেন যে, সিরাজকে দলে না রাখার কারণ শারীরিক ফিটনেস বা ফর্মজনিত কোনও সমস্যা নয়। তিনি ব্যাখ্যা করেন যে, কেবল প্রথম দিনের পরিস্থিতির উপর নজর না দিয়ে, পুরো পাঁচ দিনের খেলার চাহিদা ও সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে দলের ম্যানেজমেন্ট বিবেচনায় সেরা একাদশই নির্বাচন করেছে।
কোটাক বলেন, “সিরাজের ক্ষেত্রে কোনও সমস্যা নেই। দল নির্বাচনের সময় আমাদের মনে হয়েছিল এটাই সেরা একাদশ। আমার মনে হয় না সিরাজকে বাদ দেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। এটি তো কেবল প্রথম দিন। আমরা কেবল প্রথম দিনের কথা ভেবে দল নির্বাচন করি না, বরং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনের কথাও বিবেচনায় রাখি।”
