মুম্বই: চলতি বছরের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে ইতিমধ্য়েই। বাংলাদেশ ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দল নিজেদের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছে। এবার সবার নজর ‘বি’ গ্রুপের ম্যাচগুলোর দিকে। ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল তাদের অভিযান শুরু করতে চলেছে। ২০ নভেম্বর পাকিস্তান ‘এ’ দল সংযুক্ত আরব আমিরশাহি মুখোমুখি হবে ও ভারতীয় ‘এ’ দল খেলবে নেপালের বিরুদ্ধে। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে দুই দলই জয়ের মাধ্যমে টুর্নামেন্ট শুরু করতে মুখিয়ে থাকবে।
আজ ২০ নভেম্বর দোহায় ‘বি’ গ্রুপের দুটো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ডে সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’ দল। ম্যাচটি ভারতীয় সময় সকাল ১১:৩০ মিনিটে শুরু হবে। অন্যদিকে, টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে নেপালের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় ‘এ’ দল। তিলক বর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলবে। ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১:০০টায় অর্থাৎ ভারতীয় সময় বিকেল ৩:৩০ মিনিটে শুরু হবে। এই টুর্নামেন্টে বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা সহ আরও কয়েকজন সিনিয়র দলে খেলা ভারতীয়দের দেখা যাবে।
টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ লড়াইটা বোধহয় হতে চলেছে আগামী ২২ নভেম্বর। সেদিন মুখোমুখি হবে ভারতীয় ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল। ‘বি’ গ্রুপের এই হাই প্রোফাইল ম্যাচটি দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচগুলো ক্রিকেটপ্রেমীরা সরাসরি সোনি স্পোর্টস নেটওয়ার্কের টেলিভিশন চ্যানেলগুলোতে দেখতে পারবেন। আর টিভিতে দেখার পরিস্থিতি না থাকলেও অনলাইনেও সোনি লিভে খেলা দেখা যাবে।
রেকর্ড গড়লেন ফিলিপস
ভারতের বিরুদ্ধে এক ক্য়ালেন্ডার বর্ষে তিন ফর্ম্য়াটেই সেঞ্চুরি হাঁকানো বিশ্বের প্রথম ব্যাটার হলেন গ্লেন ফিলিপস। বেসিন রিজার্ভে প্রথম টেস্টে ১১৮ রানের ইনিংস খেলেছিলেন কিউয়ি ব্যাটার। গত জানুয়ারিতে ইন্দোরে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্য়াচে ১০৬ রান করার পর অক্টোবরে অকল্যান্ডে চতুর্থ টি টোয়েন্টিতে ১০৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন নিউজিল্য়ান্ডের এই ক্রিকেটার। আর চলতি বেসন রিজার্ভ টেস্টে শতরান হাঁকানোর সঙ্গে সঙ্গে তিন ফর্ম্য়াটেই এক ক্যালেন্ডার বর্ষে সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন কিউয়ি ব্যাটার। বিশ্ব ক্রিকেটে এই কৃতিত্ব প্রথম অর্জন করেছিলেন রোহিত শর্মা। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ফর্ম্য়াটেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
