Yuzvendra Chahal: ২২ গজের বাউন্সার এবার রাজনীতিতে, বিজেপিতে যোগ দিলেন চাহাল, পেলেন বড় পদও

বিজেপিতে যোগ চাহালের।Image Credit: X

নয়া দিল্লি: ২২ গজের ময়দান থেকে এবার সোজা রাজনীতির ময়দানে। বিজেপি(BJP)-তে যোগ দিলেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে গুরুত্বপূর্ণ পদও দিল বিজেপি। ওবিসি মোর্চার ন্যাশনাল এগজেকিউটিভ কমিটিতে স্পেশাল ইনভাইটি হিসাবে তাঁকে নিয়োগ করা হল।

গতকাল, শনিবারই বিজেপির ওবিসি মোর্চার প্রেসিডেন্ট অমরপাল মৌর্য্যের সঙ্গে দেখা করেন চাহাল। এরপরই বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করেন যুজবেন্দ্র চহাল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “বিজেপি পরিবারের মধ্যে আমাকে জায়গা ও সম্মান দেওয়ার জন্য শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনজি এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যজির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

প্রসঙ্গত, ১৯৯০ সালে জন্ম যুজবেন্দ্র চাহালের। ভারতীয় ক্রিকেট টিমে লেগ-স্পিনার হিসাবে খেলেন তিনি।  ক্রিকেটে পরিচিতি পাওয়ার আগে চাহাল প্রতিযোগিতামূলক দাবাও খেলতেন। টি-২০ ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন চাহাল। ২০২৫ মরসুমের আগে পাঞ্জাব কিংস তাঁকে ১৮ কোটি টাকায় দলে নিয়েছিল। ঘরোয়া ক্রিকেটে চাহাল হরিয়ানার হয়ে প্রতিনিধিত্ব করেন। এছাড়াও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে কেন্ট এবং নর্দাম্পটনশায়ারের হয়ে খেলেছেন।

বিজেপি বিবৃতিতে জানিয়েছে, অসমের যোগেন মোহন, ওড়িশার মমতা মহান্ত, উত্তর প্রদেশের সঙ্গম লাল গুপ্ত, মহারাষ্ট্রের বাবানরাও রাওজি চৌধুরী, দিল্লির সত প্রকাশ রানা, বিহারের অর্জুন সাহনি এবং উত্তর প্রদেশের সঙ্গীতা বলবন্ত বিন্দকে ওবিসি মোর্চার জাতীয় সহ-সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।

দিল্লির গজেন্দ্র যাদব, কর্নাটকের প্রমোদ মাধবরাজ এবং ছত্তীসগঢ়ের ললিত চন্দ্রকারকে জাতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে সাতজন জাতীয় সম্পাদক এবং জাতীয় কার্যনির্বাহী কমিটিতে ৩৭ জন সদস্যের নাম ঘোষণা করেছে দল। ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্য জানিয়েছেন, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের নির্দেশেই এই নিয়োগ করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

নতুন সাত জাতীয় সম্পাদক হলেন—গুজরাটের দশরথজি ঠাকোর, তামিলনাড়ুর টি বরথরাজন, ঝাড়খণ্ডের সঞ্জীব কুমার, হরিয়ানার সরিতা জাংগিদ, তেলঙ্গানার কাদাগাঞ্চি রমেশ, মধ্যপ্রদেশের বৈভব পানওয়ার এবং বিহারের ভীম কুমার সাহু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *