ভুবনেশ্বর (ওড়িশা) : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এটি দুর্বল হয়ে দক্ষিণ উপকূলীয় ওড়িশার ওপর একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার একথা জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। ওড়িশার মুখ্য সচিব অনু গর্গ জানিয়েছেন যে, আকভানের জেরে কোনও প্রাণহানি বা অন্য কোনও অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি এবং রাজ্য সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। এক্স হ্যান্ডেলে এক পোস্টে আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি গত ছয় ঘণ্টায় ঘণ্টাপ্রতি প্রায় ২৪ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয় এবং সকাল সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ উপকূলীয় ওড়িশার ওপর দুর্বল হয়ে গভীর নিম্নচাপের রূপ নেয়। আইএমডি (IMD) অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ গত ৬ ঘণ্টায় ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং ২০ নভেম্বর সকাল ১১:৩০ মিনিট নাগাদ ওড়িশার দক্ষিণ উপকূলের কাছে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী ৬ ঘণ্টার মধ্যে এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ৬ ঘণ্টায় এটি একটি সুস্পষ্ট লঘুচাপ এলাকায় রূপান্তরিত হতে পারে।

আজ সকাল সাড়ে ৭টা থেকে ৮টা নাগাদ, গোপালপুরের কাছে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়ের মুখ। যাকে ‘আই অফ দ্য সাইক্লোন’ বলা হয়। ল্যান্ডফলের সময় গতিবেগ ছিল ৭০ থেকে ৮০ কিলোমিটার। তারপরও প্রায় ঘণ্টা দুয়েক ধরে সম্পন্ন হল ল্যান্ডফল প্রক্রিয়া।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জেরে উত্তাল হয়ে ওঠে পুরীর সমুদ্র। গত পরশু থেকে চলছে একটানা ভারী বৃষ্টি। সৈকত শহরে সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। টহল দিচ্ছে NDRF.  আজ ও কাল পুরী-সহ ওড়িশার বিভিন্ন প্রান্তে মূলত দক্ষিণ ওড়িশায় বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ।

এদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বুধবার রাত থেকে এ রাজ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। উত্তাল হয়ে ওঠে নদী ও সমুদ্র। পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্রস্নানের উপর চলছে কড়া নজরদারি। চলে মাইকে প্রচার। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রশাসনিক ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এদিকে কলকাতাতেও টানা বৃষ্টি চলছে। যার জেরে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। কোথাও ভারী, কোথাও মাঝারি। কলকাতা পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *