হাইকোর্টের বিচারপতির একক বেঞ্চImage Credit: Tv9 Bangla
নয়া দিল্লি: অবিবাহিত ছেলের পথ দুর্ঘটনায় মৃত্যু হলে, তাঁর উপার্জনের উপর নির্ভরশীল হিসেবে সাধারণত শুধু মাকেই বিবেচনা করা হবে। বাবা ও বোনেরা ছেলের আয়ের উপর নির্ভরশীল ছিলেন, এমন প্রমাণ না থাকলে তাঁদের ক্ষতিপূরণের টাকা পাওয়ার অধিকার থাকবে না। একটি গুরুত্বপূর্ণ মামলায় এমনই রায় দিল হিমাচল প্রদেশ হাইকোর্ট।
বিচারপতি সুশীল কুকরেজার একক বেঞ্চে ওঠে এই মামলাটি। সংশ্লিষ্ট মামলার শুনানিতে বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, অবিবাহিত মৃত ছেলের বাবা ও বোনদের তাঁর উপার্জনের উপর নির্ভরশীল বলে ধরে নেওয়া যায় না। তবে মা সাধারণত ছেলের আয়ের উপর নির্ভরশীল হিসেবে বিবেচিত হবেন।
বিচারপতি সুশীল কুকরেজা বলেন, “মৃতের বাবা হওয়ার কারণে আবেদনকারী নম্বর ২ এবং বোন হওয়ার কারণে আবেদনকারী নম্বর ৩ ও ৪-কে তাঁর উপর নির্ভরশীল হিসেবে বিবেচনা করা যায় না। একমাত্র আবেদনকারী নম্বর ১, অর্থাৎ তাঁর মাকেই মৃতের উপার্জনের উপর নির্ভরশীল হিসেবে বিবেচনা করা হবে।”
আদালতের পর্যবেক্ষণ
আদালতের পর্যবেক্ষণ, সাধারণত একজন বাবার নিজস্ব উপার্জনের উৎস রয়েছে বলে ধরে নেওয়া যায়। অন্যদিকে, ভাই বা বোনেরা হয় নিজেরা উপার্জন করেন, অথবা বাবার উপর নির্ভরশীল থাকেন। তাই বিশেষ কোনও প্রমাণ না থাকলে তাঁদের মৃত ব্যক্তির আয়ের উপর নির্ভরশীল বলা যায় না।
মামলার ব্যাকগ্রাউন্ড
মামলাটি মোহিত নামে ৩১ বছর বয়সি এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে। ২০২০ সালের ২৫ নভেম্বর একটি পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। অভিযোগ, খোদরি গ্রামের কাছে একটি দ্রুতগতির ও বেপরোয়া গাড়ি তাঁর মোটরসাইকেলে ধাক্কা মারে। গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয় তাঁর।
মোহিতের পরিবারের দাবি ছিল, তাঁদের ছেলে মাসে ১৫ হাজার টাকা উপার্জন করতেন। তাঁর উপার্জনের উপর বাবা-মা এবং দুই বোন নির্ভরশীল ছিলেন বলেও দাবি করা হয়। এই ঘটনায় পরিবারের তরফে মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ ট্রাইব্যুনালে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা হয়েছিল।
ট্রাইব্যুনাল পরিবারকে ১৭ লক্ষ ২০ হাজার ৪০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়ার কথাও জানানো হয়। কিন্তু ক্ষতিপূরণের পরিমাণ এবং পরিবারের সদস্যদের নির্ভরশীল হিসেবে বিবেচনা করার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা।
ক্ষতিপূরণের অঙ্ক কমাল হাইকোর্ট
হাইকোর্ট জানায়, মোহিত মাসে ১৫ হাজার টাকা উপার্জন করতেন, কিন্তু তার স্বপক্ষে কোনও নথিপত্র বা প্রামাণ্য তথ্য জমা দেওয়া হয়নি। ফলে তাঁর মাসিক আয় ৮,২৫০ টাকা ধরার যে সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নিয়েছিল, তা বহাল রাখে আদালত। সব হিসাবের পর নির্ভরশীলতা বাবদ ক্ষতিপূরণ দাঁড়ায় ১১ লক্ষ ৮ হাজার ৮০০ টাকা। এর সঙ্গে অন্যান্য খাতে আরও ৭০ হাজার টাকা যোগ করে মোট ক্ষতিপূরণের পরিমাণ ধার্য করা হয় ১১ লক্ষ ৭৮ হাজার ৮০০ টাকা। আদালত নির্দেশ দেয়, সম্পূর্ণ ক্ষতিপূরণের টাকা একমাত্র মৃতের মা-ই পাবেন।
