প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
নয়া দিল্লি: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন বহু ভারতীয় পড়ুয়া। কিন্তু বদলে যাচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতি। আমেরিকা (US), ব্রিটেন (UK), কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশে অভিবাসন নীতিতে একের পর এক পরিবর্তন আসছে। পড়াশোনা শেষে কাজের সুযোগও ক্রমশ সীমিত হচ্ছে। তার উপর জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাওয়ায় বিদেশে পড়াশোনার পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে পড়ুয়া ও তাঁদের পরিবারকে।
এরই মধ্যে চাকরির বাজারে বড়সড় পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। একাধিক ক্ষেত্রে কাজের ধরন বদলে দিচ্ছে এআই। কোন কাজের চাহিদা ভবিষ্যতে থাকবে, কোন পেশায় কর্মসংস্থানের সুযোগ কমবে, তা নিয়েও বাড়ছে উদ্বেগ। ফলে বিদেশে উচ্চশিক্ষার জন্য বিষয় নির্বাচনের আগে পড়ুয়াদের মাথায় এখন একটাই প্রশ্ন, AI-এর দাপটেও কোন কোন পেশায় চাকরির নিশ্চয়তা থাকবে?
বিশেষজ্ঞদের মতে, যে সমস্ত পেশায় মানুষের আবেগ, সহানুভূতি, বিচারবুদ্ধি, সৃজনশীলতা এবং জটিল সমস্যার সমাধানের দক্ষতা প্রয়োজন, সেগুলিই ভবিষ্যতে সবচেয়ে নিরাপদ হতে পারে। কারণ, প্রযুক্তির উন্নতি হলেও এই ধরনের কাজে মানুষের বিকল্প হয়ে ওঠা যন্ত্রের পক্ষে কঠিন।
AI-এর যুগেও কোন কোন পেশায় চাকরির ঝুঁকি সবচেয়ে কম?
IDP Education-এর সাম্প্রতিক একটি রিপোর্টে উঠে এসেছে, বিশ্বজুড়ে পড়ুয়াদের মধ্যে AI-কে প্রতিরোধ করা যাবে এমন পেশা বেছে নেওয়ার প্রবণতা বাড়ছে। সেই তালিকার শীর্ষে রয়েছে স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা সংক্রান্ত পেশাগুলি।
রিপোর্ট অনুযায়ী, নার্স প্র্যাকটিশনার, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, ইউরোলজিস্ট, ফিজিশিয়ান এবং নার্স অ্যানাস্থেটিস্টের মতো পেশায় AI-এর কারণে চাকরি হারানোর আশঙ্কা প্রায় নেই বললেই চলে। এই সমস্ত ক্ষেত্রে AI বিভিন্ন কাজে সাহায্য করতে পারলেও রোগ নির্ণয়, চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া, রোগীকে মানসিকভাবে সহায়তা করা এবং সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগের মতো দায়িত্বগুলি মূলত মানুষের উপরই নির্ভরশীল।
এছাড়াও রিপোর্টে বলা হয়েছে, উচ্চশিক্ষা বা পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে এই ধরনের পেশায় চাকরির নিরাপত্তা এবং উপার্জনের সম্ভাবনা আরও বাড়তে পারে। বিশেষ করে চিকিৎসা ও নার্সিংয়ের মতো ক্ষেত্রে উচ্চতর যোগ্যতার গুরুত্ব রয়েছে।
তবে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেই যাঁরা চাকরিতে যোগ দিতে চান, তাঁদের জন্যও রয়েছে একাধিক সুযোগ। ফিজিসিস্ট, নার্স মিডওয়াইফ, ফিজিক্যাল থেরাপিস্ট এবং সিকিউরিটি ম্যানেজারের মতো পেশাকেও বেছে নেওয়া যেতে পারে। অর্থাৎ, অতিরিক্ত উচ্চশিক্ষা ছাড়াও এই ক্ষেত্রগুলিতে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ থাকতে পারে।
কেন এই পেশাগুলি AI-এর কাছে হার মানবে না?
এই পেশাগুলির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এগুলিতে শুধু প্রযুক্তিগত জ্ঞান থাকলেই চলে না। প্রয়োজন মানুষের আবেগ বোঝার ক্ষমতা, সহানুভূতি, নৈতিক বিচারবুদ্ধি এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা।
কোনও রোগীর শারীরিক সমস্যার পাশাপাশি তাঁর মানসিক অবস্থাও বুঝতে হয় চিকিৎসক বা নার্সদের। আবার কোনও জটিল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়। এই সমস্ত ক্ষেত্রে AI সহায়ক ভূমিকা পালন করতে পারলেও মানুষের জায়গা পুরোপুরি নিতে পারবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতীয় পড়ুয়াদের জন্য কী বার্তা এই রিপোর্টে?
বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন যে সমস্ত ভারতীয় পড়ুয়া, তাঁদের জন্য এই রিপোর্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ, AI-প্রতিরোধী পেশার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিগ্রি বেছে নিলে বিদেশে পড়াশোনা শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা এবং ব্রিটেনের মতো দেশে কর্মী সংকট রয়েছে, এমন পেশার তালিকায় জায়গা পাওয়ার সুযোগও তৈরি হতে পারে।
এতদিন ইঞ্জিনিয়ারিং এবং তথ্যপ্রযুক্তির মতো বিষয়কে বিদেশে চাকরির অন্যতম ভরসা বলে মনে করা হত। সেই ক্ষেত্রগুলির গুরুত্ব এখনও রয়েছে। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা, শিক্ষা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ নির্ভর অন্যান্য বিষয়ে পড়াশোনার দিকেও নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
