নয়াদিল্লি: ভারতের সঙ্গে সংঘাত চলাকালীন পাকিস্তানকে সামরিক সাহায্য় জোগায় চিন। ভারতের উন্নতি ঠেকাতেই পাকিস্তানকে সাহায্য় করে পিপলস লিবারেশন আর্মি। আমেরিকার কংগ্রেস কমিটির রিপোর্টে এবার এমনই দাবি করা হল। সীমান্তে চাপ বাড়াতে, ভারতকে কোণঠাসা করতেই চিনের তরফে এমন পদক্ষেপ করা হয় বলে দাবি করা হয়েছে রিপোর্টে। (India-China Relations)

আমেরিকার কংগ্রেসের US-China Economic and Review Commission বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, সীমান্তে ভারতের উপর চাপ সৃষ্টি করতে, শিল্প সরবরাহ আটকাতেই পাকিস্তানকে সামরিক সাহায্য় জোগায় চিন। তাই চিনের মোকাবিলায় ভারত এবং আমেরিকার মধ্যে উপকূলীয় নিরাপত্তা, উৎপাদন সহযোগিতা বাড়ানোর পাশাপাশি, দুই দেশের গোয়েন্দাদের মধ্যে নিবিড় সংযোগ গড়ে তোলার কথা বলা হয়েছে রিপোর্টে। (US-India Relations)

এশিয়ার বুকে চিনের আধিপত্য রুখতে গেলে ভারতকে পাশে পাওয়া দরকার বলে মনে করছে আমেরিকার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এশিয়ায় ক্ষমতার ভারসাম্য ধরে রাখার ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উৎপাদন এবং সরবরাহ ক্ষেত্রে ভারত চিনের বিকল্প হয়ে উঠতে পারেও বলে মত তাঁদের। ওই রিপোর্টে বলা হয়েছে, ‘আমেরিকা নেতৃত্বাধীন জোটের বাইরে যে কয়টি ক্ষমতাশালী দেশ রয়েছে, তাদের মধ্যে ভারত সরাসরি টেক্কা দিতে পারে চিনকে। চিনও এব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল। তাই বিভিন্ন ক্ষেত্রে ভারতের উত্থান ঠেকাতে চাইছে তারা’।

আরও পড়ুন: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

পহেলগাঁও হামলার পর গত বছর মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ে ভারত এবং পাকিস্তান। ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। দু’পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা চলে। সেই সময় পাকিস্তানকে চিন সামরিক সাহায্য় জুগিয়েছিল বলে দাবি করা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, ‘পাকিস্তানের সঙ্গে সামরিক পার্টনারশিপ গড়ে তোলে চিন। দ্বিমুখী আক্রমণের সম্ভাবনা নিয়ে ভারতের উদ্বেগের কারণ রয়েছে’। 

চলতি বছরের গোড়ায় ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানকে প্রযুক্তিগত সাহায্য জোগানোর কথা মেনে নেয় চিন। দেশের সরকারি চ্যানেলে পাক ইঞ্জিনিয়ার ঝাং হেং জানান, পাকিস্তানি বায়ুসেনাকে সাহায্য় করতে গিয়েছিল যে টিম, তাতে তিনিও শামিল ছিলেন। সামরিক সরঞ্জামগুলি যাতে পূর্ণশক্তিতে কাজ করতে পারে তা নিশ্চিত করতে গিয়েছিলেন তাঁরা। হেং J-10CE যুদ্ধবিমানের কথাও উল্লেখ করেন, যা পাকিস্তানি বায়ুসেনা ব্যবহার করে। এর আগে, লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিংহও জানিয়েছিলেন, ভারতের কোথায় কী মজুত করা আছে, সংঘাত চলাকালীন পাকিস্তানকে প্রতি মুহূর্তের খবর সরবরাহ করছিল চিন। 

আরও পড়ুন: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব

পাকিস্তানের সঙ্গে চিনের সামরিক সম্পর্ক নতুন কিছু নয়। চিনা অস্ত্রশস্ত্রের পরীক্ষাও পাকিস্তানে। আমেরিকার ওই কমিটির রিপোর্ট বলছে, ‘অপারেশন সিঁদুর চলাকালীন বোঝা গিয়েছে, সরাসরি যুদ্ধে না জড়িয়েও পাকিস্তানের হাত শক্ত করতে পারে চিন, যা ভারতের জন্য় উদ্বেগের বিষয়। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সংঘাত বাধলে, পরিস্থিতি কী হতে পারে, তা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে’।

ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনা আগ্রাসন নিয়েও সতর্কবার্তা উঠে এসেছে রিপোর্টে। বলা হয়েছে, ভারত মহাসাগরে নৌবাহিনী মোতায়েনের পাশাপাশি, সেখানে নিজেদের গোয়েন্দা বিভাগের কাজকর্মের পরিধিও বাড়াচ্ছে চিন। লাদাখের অচলাবস্থা থিতিয়ে এসেছে যদি, আগের থেকে দুই দেশের সম্পর্কেরও উন্নতি হয়েছে। তার পরেও অরুণাচলে নতুন করে উত্তেজনা বেড়েছে। ITBP প্রধান খোদ জানিয়েছেন, অরুণাচলে চিনের সঙ্গে মুখোমুখি সংঘাত অব্যাহত। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা-সরঞ্জাম মোতায়েনের সক্ষমতা বাড়িয়েছে চিন। বিমানঘাঁটি, রেলপথ, পরিকাঠামোর সম্প্রসারণ অব্যাহত রেখেছে তারা।

তবে ভারতের বিরুদ্ধে চিনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে তাদের অর্থনীতির উপর বিশেষ ভাবে জোর দিচ্ছেন আমেরিকার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, শিল্পসামগ্রী উৎপাদন, প্রযুক্তির উপর এতটাই দখল চিনের, ভারতকে নিজেদের সমকক্ষ হয়ে উঠতে দিতে চায় না তারা। তাই ভারতে গুরুত্বপূর্ণ উপকরণ ও পণ্য রফতানি কমিয়েছে তারা। ফিরিয়ে নিয়েছে ইঞ্জিনিয়ারদের। প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ আটকে দিয়েছে যাতে ভারতে বৈদ্যুন সামগ্রী উৎপাদনের গতি শ্লথ হয়ে পড়েছে। বিশেষ করে যে মূল্য নির্ধারণ করছে, তাকে টেক্কা দিতে পারছে না ভারত। বিশেষ করে ওষুধ তৈরির কাঁচামালের দাম এতটাই কমিয়ে দিয়েছে তারা, যে কারও পক্ষে তাদের টেক্কা দেওয়া সম্ভব হচ্ছে না। ব্যাটারি প্রযুক্তি সরবরাহও এখন নিয়ন্ত্রণ করছে চিন। ফলে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহারে যতটা উদ্যোগী হয়েছিল ভারত, কাজ ততটা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না।

সেনার আধিুনিকীকরণ, অভ্য়ন্তরীণ উৎপাদন বৃদ্ধি, চিনের উপর নির্ভরশীলতা কমিয়ে অন্য দেশের সঙ্গে বাণিজ্যসম্পর্ক স্থাপনের মতো বেশ কিছু পদক্ষেপ করা হলেও, ভারতের জন্য রাস্তা ততটাও সহজ নয় বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বিশেষজ্ঞদের মতে, শিল্প সম্প্রসারণের ক্ষেত্রে এখনও চিনা যন্ত্রপাতি এবং সরঞ্জামের উপর অনেকটা নির্ভরশীল ভারত। সেক্ষেত্রে স্বনির্ভর হতে গেলে প্রয়োজন পুঁজি, প্রযুক্তি এবং সময়ের। তাই প্রতিরক্ষা প্রযুক্তি, পণ্য সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যে ভারত এবং আমেরিকার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি হওয়া দরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *