ধর্মনগর।। ত্রিপুরায় ঢোকার আগেই অসম পুলিশের জালে ধরা পড়ল প্রায় ১৭ কোটি টাকার নেশার সামগ্রী! রঙের প্রোটিনের আড়ালে লুকিয়ে আনা হচ্ছিল ৩৪ হাজার ৪৫০ বোতল নিষিদ্ধ এসকাফ কফ সিরাপ! রাঁচি থেকে আগরতলামুখী ছয় চাকার কন্টেইনার আটক করে বড়সড় সাফল্য পেল অসমের শ্রীভূমি জেলা পুলিশ।
প্রতিদিনের মতো অসমের শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টে চলছিল পুলিশের নাকা তল্লাশি। সেই সময় রাঁচি থেকে আগরতলাগামী RJ09GC-9924 নম্বরের একটি ছয় চাকার কন্টেইনার গাড়িকে আটক করে পুলিশ।এরপর তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের! রঙের প্রোটিনের আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ। উদ্ধার হয় ২৩০ কার্টুনে মোট ৩৪ হাজার ৪৫০ বোতল এসকাফ।
অসম পুলিশের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীর কালোবাজারি মূল্য প্রায় ১৭ কোটি ২ লক্ষ ২৫ হাজার টাকা।ঘটনায় গাড়ির চালক বিহারের নাওয়াদা জেলার বাসিন্দা রাজেন্দ্র প্রসাদকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দাবি, রাঁচি থেকে এই চালান নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছিল সে।কিন্তু এই ঘটনার নেপথ্যে শুধু একজন চালক, নাকি রয়েছে আরও বড় পাচারচক্র?সূত্রের দাবি, চালানটি ত্রিপুরায় পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিল প্রণব দেব ওরফে বাটুল এবং প্রসেনজিৎ ঘোষ ওরফে মামু।
আগরতলার জিবি বাজারের সাহেব ও লিটন সাহার কাছে এই চালান পৌঁছানোর কথা ছিল বলেও অভিযোগ।আরও বিস্ফোরক অভিযোগ, ত্রিপুরা পুলিশের কর্মী জুয়েলের নেতৃত্বে রজত, সুশান্ত ও লিটন নামে কয়েকজন পুলিশকর্মীকে ছয় লক্ষ টাকার বিনিময়ে লরিটি নিরাপদে রাজ্যে প্রবেশ করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি সূত্রের। এমনকি দীর্ঘদিন ধরে কফ সিরাপের চালানকে মদ হিসেবে পরিচয় দিয়ে পার করানোর অভিযোগও উঠেছে।তবে এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
কারা এই নেশা সাম্রাজ্যের আসল মাথা? কার মদতে চলছিল কোটি কোটি টাকার কারবার? অসম পুলিশের তদন্তে এবার সেই প্রশ্নের উত্তর খুঁজছে সবাই। শুধু চালককে আটক করেই কি শেষ হবে তদন্ত, নাকি পর্দার আড়ালে থাকা প্রভাবশালীদেরও আইনের আওতায় আনা হবে? এখন সেদিকেই নজর। নেশামুক্ত ত্রিপুরার স্লোগান শুধু প্রচারে নয়, বাস্তবে কতটা কার্যকর হয়, এই তদন্তই তার বড় পরীক্ষা!
