সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে বলা হয় কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী শুভমন গিল। আর তাই অঙ্গকৃষ রঘুবংশীকে নিয়ে আর আগের ভুল করতে চায় না কেকেআর টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় ক্রিকেটে শুভমন গিলের পরিচিতি তৈরি হয় কলকাতা নাইট রাইডার্সে খেলে। অথচ সকলকে হতচকিত করে দিয়ে সেই শুভমনকে ছেড়ে দেয় কেকেআর। সেই শুভমন পরবর্তী সময়ে গুজরাত টাইটান্সের অধিনায়ক হন। ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়কও হন। তাঁকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বলা হচ্ছে। যা নিয়ে এখনও আক্ষেপ করেন নাইট ভক্তরা। প্রশ্ন করেন, কেন শুভমনের মতো তারকাকে ছেড়ে দেওয়ার মতো ভুল করেছিল কেকেআর?

২০২৪ সালের নিলামে অঙ্গকৃষ রঘুবংশীকে ২০ লক্ষ টাকায় কিনেছিল কেকেআর। ব্যাটিংয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর ২০২৫ সালে তাঁর মূল্য বেড়ে দাঁড়ায় ৩ কোটি টাকা। সেই টাকাতে ২ বছর খেলার পর ২০২৭ সালের আইপিএলেও অঙ্গকৃষকে রিটেন করেছে কেকেআর। 

এই মুহূর্তে অঙ্গকৃষ রয়েছেন কলকাতায়। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি খেলছেন মুম্বইয়ের হয়ে। গ্রুপ পর্বের ম্য়াচে তিনিই মুম্বইয়ের হয়ে ইনিংস ওপেন করছেন। যদিও চলতি টুর্নামেন্টে বড় রান পাননি এখনও। তা নিয়ে ছটফটানিও রয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর কীভাবে আউট হয়েছেন, তা বিশ্লেষণ করতে নিজেই বসে যাচ্ছেন কম্পিউটার মনিটরের সামনে। তার ফাঁকেই এবিপি লাইভ বাংলাকে অঙ্গকৃষ বললেন, ‘কেকেআর আমাকে রিটেন করেছে মানে আমার ওপর আস্থা রেখেছে। তার মর্যাদা তো দিতেই হবে। রিটেনশন তালিকা প্রকাশিত হওয়ার পরই মাকে ফোন করেছিলাম। মা-ও একই কথা বলেছে। কেকেআরকে কিছু ফিরিয়ে দিতে চাই।’

বয়স মাত্র ২২ বছর। নাইটদের ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নামেন। ব্যাটিংয়ে অনেকটা শুভমনের ছায়া। চেহারায় বদল এসেছে। এখন গালভর্তি দাড়ি। নতুন লুক? অঙ্গকৃষ হাসতে হাসতে বললেন, ‘আমি বড় হচ্ছি তো। তাই নতুন লুক।’

সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে ইনিংসের শুরুটা ভাল হচ্ছে। কিন্তু বেশি রান করতে পারেননি। নিজে কোনও সমস্যা চিহ্নিত করেছেন? অঙ্গকৃষ বললেন, ‘প্রতি ম্যাচে যে ভুলগুলো হয়, তা থেকে শেখার চেষ্টা করি। সেজন্যই আমি ভিডিও দেখছিলাম। তাছাড়া এটা ক্রিকেট, প্রতিটা ম্যাচ তো ভাল যাবে না, ওঠানামা আসতেই থাকবে, ব্যস ভুলে গিয়ে পরের ম্যাচে ফোকাস করব।’

কেরিয়ারে অনেক বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে এখন। অনূর্ধ্ব ২৩-এ ছিলেন, সেখানে ভাল খেলে মুম্বই সিনিয়র দলে এসেছেন। কেকেআরেও দায়িত্ব, প্রত্যাশার চাপ থাকবে। অঙ্গকৃষ বলছেন, ‘নিজেকে উন্নত করার চেষ্টা করি, বাকি দেখা যাবে যা হবে।’ কেকেআরের সংসারে প্রবেশ করে, আইপিএল গ্রহে ঢুকে কী শিখলেন? অঙ্গকৃষ বললেন, ‘আমি এতজন পেশাদার প্লেয়ার দেখেছি – ইন্ডিয়া প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার – ওরা এত বেশি পরিশ্রম করে, এত প্রফেশনাল, তো ওদের দেখে আমি একটু শিখি যে ওরা যেমন মেহনত করে, তেমন পরিশ্রম আমাকেও করতে হবে, বা তার চেয়েও বেশি। আমাকেও যদি ক্রিকেটে এগিয়ে যেতে হয়, তাহলে ওদের মতো পেশাদার হতে হবে। কেকেআরের কোচ অভিষেক নায়ার আমার ব্যক্তিগত কোচও। স্যরের সঙ্গে এখনও প্র্যাক্টিস করি, কেকেআর অ্যাকাডেমিতে প্রস্তুতি নিই। আমাদের বোঝাপড়া খুব ভাল।’

মুম্বই দলে সূর্যকুমার যাদবকে পাচ্ছেন অধিনায়ক হিসাবে। টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত ছন্দে আছেন স্কাই। অঙ্গকৃষ বলছেন, ‘দলকে জেতানোর জন্য ব্যাটিং করছেন সূর্য ভাই, আর ওঁকে দেখে অনেক কিছু শেখার সুযোগ মিলছে। ক্যাপ্টেন যখন এভাবে পারফর্ম করেন, তখন পুরো টিমের মনোবল বেড়ে যায়।’

আরও পড়ুন: ধোনির রেকর্ড ভেঙে নতুন নজির শুভমনের, মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *