সন্দীপ সরকার, কলকাতা: সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে শুরুতেই ধাক্কা খেতে হয়েছিল বাংলাকে। প্রথম ম্যাচেই অভিমন্যু ঈশ্বরণদের হারিয়ে দিয়েছিল কর্নাটক। তবে পরের তিন ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলা। জয়ের হ্যাটট্রিকের পর বাংলার পরের পর্বে যাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছিল।

সেই স্বপ্ন ফের ধাক্কা খেল রবিবার। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাকে ৯ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে দিল ক্রুণাল পাণ্ড্যর বঢোদরা। ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু জিতেশ শর্মার প্রত্যাঘাতে সেই ইনিংসও দিনের শেষে ম্লান। উল্টে গ্রুপ পর্বে দুটি ম্যাচ হেরে বাংলার সুপার লিগে ওঠার স্বপ্ন বিপন্ন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির এলিট গ্রুপ এ-তে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে বাংলা। ৫ ম্যাচে ১২ পয়েন্ট বাংলার। সমসংখ্যক ম্যাচ খেলে ১৬ পয়েন্ট করে নিয়ে গ্রুপের এক ও দুই নম্বরে রয়েছে বঢোদরা ও রাজস্থান।

সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির নিয়ম হল, চারটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার লিগে খেলার যোগ্যতা পাবে। গতবার বাংলা গ্রুপ পর্বে ৪ ম্যাচ জেতার পাশাপাশি ৩টি ম্যাচ হেরে বিদায় নিয়েছিল। এবার বাংলার ম্যাচ বাকি উত্তর প্রদেশ ও রাজস্থানের সঙ্গে। সেই দুটি ম্যাচের একটিতে হারলে এবারও খালি হাতে ফিরতে হতে পারে কোচ লক্ষ্মীরতন শুক্লর ছেলেদের। বাংলার সামনে তাই বাকি দুই ম্যাচই মরণ-বাঁচন পরিস্থিতি। সুপার লিগে যেতে বাকি দুটি ম্যাচ জিততেই হবে বাংলাকে। পাশাপাশি চেয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও।

রবিবার টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বঢোদরার অধিনায়ক ক্রুণাল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে বাংলা তুলেছিল ১৭২/৬। অভিষেক পোড়েল ২২ বলে ২৯ রান করেন। তবে করণ লাল ব্যর্থ। অভিমন্যু তিন নম্বরে নেমে ৪৬ বলে ৭৮ রান করেন। বাকিরা বলার মতো কেউ কিছু করতে পারেননি। শাকির হাবিব গাঁধী ২৬ ও ঋষভ চৌধুরী ২২ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ বঢোদরার। শুরুতেই অমিত পাসিকে ফিরিয়ে ধাক্কা দেন মহম্মদ শামি। কিন্তু শাশ্বত রাওয়াত (৩৫ বলে ৫১ রান) ও আইপিএল খ্যাত জিতেশ শর্মা (২৯ বলে ৫৪ রান) বাংলার হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেন।

আরও পড়ুন: ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed