সন্দীপ সরকার, কলকাতা: গতবারের সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলা। চার ম্যাচ জেতার পাশাপাশি তিনটি ম্যাচে পরাজয় হজম করতে হয়েছিল কোচ লক্ষ্মীরতন শুক্লর ছেলেদের। এবার গ্রুপ পর্বে পাঁচ ম্য়াচের তিনটিতে জিতে ও দুটি ম্যাচে হেরে কোণঠাসা বাংলা। অভিমন্যু ঈশ্বরণদের সুপার লিগে ওঠার স্বপ্নও বিপন্ন। বাংলার হাতে রয়েছে দুই ম্যাচ। কীভাবে পরের পর্বে যেতে পারে বাংলা?
সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ৩২টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে ৮টি করে দল। নিয়ম হচ্ছে, প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুই দল সুপার লিগে উঠবে। সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য লড়াই।
বাংলা রয়েছে গ্রুপ এ-তে। যে গ্রুপের বাকি সাতটি দল হল বঢোদরা, রাজস্থান, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, কর্নাটক, ছত্তীশগঢ় ও মিজোরাম। বাংলা এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১২ পয়েন্ট সহ টেবিলে তিন নম্বরে রয়েছে। বাকি রয়েছে দুই ম্যাচ। কোন অঙ্কে সুপার লিগে উঠতে পারেন অভিমন্যুরা?
এই গ্রুপে ৫ ম্যাচের ৫টিই হেরে সুপার লিগের দৌড় থেকে ছিটকে গিয়েছে মিজোরাম। বাকি দুই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, তাদের আর আশা নেই। ছত্তীশগড়, কর্নাটক ও ঝাড়খণ্ড ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট করে পেয়েছে। সুপার লিগে ওঠার সামান্যতম আশা জিইয়ে রাখতে বাকি দুই ম্যাচে বিরাট বড় ব্যবধানে জিততে হবে তাদের। সেই তুলনায় কিছুটা ভাল জায়গায় রয়েছে বাংলা।
বাংলার ম্যাচ বাকি উত্তর প্রদেশ ও রাজস্থানের সঙ্গে। দুই ম্যাচই বাংলা জিতলে ২০ পয়েন্টে শেষ করবে। বাংলার পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে রাজস্থান মঙ্গলবার কর্নাটকের কাছেও হেরে গেলে সুবিধা অভিমন্যু-সুদীপ ঘরামিদের। ১৬ পয়েন্টেই আটকে যাবে রাজস্থান। উত্তর প্রদেশও বাংলার কাছে হেরে গেলে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পাবে। বঢোদরার শেষ দুই ম্যাচের ফল সেক্ষেত্রে যাই হোক না কেন, বাংলা পরের পর্বে যাবে।
বঢোদরার ম্যাচ বাকি ঝাড়খণ্ড ও কর্নাটকের সঙ্গে। দুটি ম্যাচ জিতে গেলে তাদের সুপার লিগে ওঠা নিশ্চিত। একটি ম্যাচ হারলেও ২০ পয়েন্ট নিয়ে সুপার লিগে চলে যেতে পারেন ক্রুণাল পাণ্ড্যরা। তাঁদের নেট রান রেটও খুব ভাল। +২.৩১৩।
উত্তর প্রদেশ ও বাংলার পয়েন্ট সমান। তবে নেট রান রেটে পিছিয়ে উত্তর প্রদেশ। তারা শেষ দুই ম্যাচে হারলে বাংলার সুবিধা। একটি ম্যাচ জিতলে ও বাংলার কাছে হারলেও অভিমন্যুদের পরের পর্বে যোগ্যতা অর্জনে সমস্যা হওয়ার কথা নয়।
তবে বাংলা যদি বাকি দুই ম্যাচের একটিতে হেরে যায়? জটিল অঙ্কের ফাঁদে পড়তে হবে। এমনও হতে পারে যে, বঢোদরা, রাজস্থান, বাংলা, উত্তর প্রদেশ – এরকম চার-পাঁচটি দল ১৬ পয়েন্টে শেষ করল। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট।
বাংলাকে তাই বড় ব্যবধানে জয়কে পাখির চোখ করতে হবে। আর তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে।
আরও পড়ুন: আইপিএলের আগে নতুন অস্ত্র আয়ত্ত করে আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন কেকেআরের সাড়ে ছ ফুটের পেসার
