মুম্বই: হার্দিক পাণ্ড্য়কে(Hardik Pandya) ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians)। এই পরিস্থিতিতে আইপিএলে আগামী মরশুমে কে হতে পারেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন, তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন যে তিলক বর্মা তরুণ ক্রিকেটার, ভবিষ্যতের কথা ভেবে তাঁকেই নেতৃত্বভার তুলে দেওয়া হতে পারে। তবে এই বিষয়ে কিছুটা অন্য় সুর শোনা গেল আকাশ চোপড়ার মুখে। প্রাক্তন ভারতীয় ওপেনার মনে করেন যে তিলককে না দিয়ে আরও অন্তত একটা মরশুমে রোহিত শর্মাকে নেতৃত্বভার তুলে দেওয়া উচিৎ মুম্বই শিবিরের।
জিও হটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ওপেনার বলছেন, ‘অধিনায়কত্বের ক্ষেত্রে ১ বছরের পরিকল্পনার জন্য তাদের হাতে রোহিত শর্মা রয়েছেন, বর্তমানে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব ও ভবিষ্যতের জন্য সহ অধিনায়ক হিসেবে আছেন তিলক বর্মা। মুম্বইয়ের হাতে বিকল্পের কোনও অভাব নেই। আপাতত আদর্শ পরিস্থিতি হবে এক মরশুমের জন্য রোহিতের হাতে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হোক। মেগা নিলাম চলে এলে তিলক বর্মা রোহিতের কাছ থেকে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।’
মুম্বই ইন্ডিয়ান্সের দল নিয়েও কথা বললেন আকাশ। ইতিমধ্য়েই আল্লাহ গাজনফার ও মায়াঙ্ক মার্কণ্ডেসহ বেশ কয়েকজন স্পিনারকে ছেড়ে দিয়েছে মুম্বই শিবির। এই পরিস্থিতিতে নিলাম থেকে ভাল মানের স্পিনার তুলে আনার দিকেও জোর দিতে হবে মুম্বই শিবিরকে, এমনটাই মনে করেন আকাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিলাম শুরু হওয়ার আগেই মুম্বই ইন্ডিয়ান্সের মূল দল তৈরি হয়ে আছে। তারা সবসময়ই এমনটা করে থাকে। তারা শুধু গাজানফারকেই নয়, মায়াঙ্ক মার্কণ্ডেকেও ছেড়ে দিয়েছে। তাই নিলামে তাঁদের স্পিনার কিনতেই হবে। তাদের হাতে টাকা থাকবে, কিন্তু প্রতিভাবান খেলোয়াড়ের প্রাপ্যতাই আসল বিষয়, কারণ মিনি নিলামের গল্পটা সবসময় এমনই হয়। চাহিদার তুলনায় জোগান কম থাকে, আর তাই খেলোয়াড়দের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আমার মনে হয় মুম্বইয়ের জন্য এক-দুজন ভারতীয় ফাস্ট বোলারও প্রয়োজন।’
উল্লেখ্য, রোহিত শর্মার নেতৃত্বেই পাঁচবার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁকে আচমকা নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটাও ফ্র্যাঞ্চাইজি প্রেমীরা একেবারেই ভাল চোখে দেখেননি। এই নিতে কম বিতর্কেও হয়নি। এই পরিস্থিতিতেই রোহিত শর্মার নাম অধিনায়ক হিসেবে উঠে আসছে। কিন্তু কেউ কেউ বলছেন যে রোহিতকে অধিনায়ক করা মানে ভবিষ্যতের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তাই ভেসে আসছে সূর্যকুমার বুমরাদের নামও।
