সন্দীপ সরকার, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে বাংলার ভাগ্য পেন্ডুলামের মতো দুলছে। কর্নাটকের কাছে পরাজয় দিয়ে শুরু হয়েছিল অভিযান। তারপর জয়ের হ্যাটট্রিক। বঢোদরার কাছে হেরে ফের চাপে পড়ে গিয়েছিল বাংলা শিবির। উত্তর প্রদেশকে বিরাট ব্যবধানে হারিয়ে সুপার লিগের যোগ্যতা অর্জনের সম্ভাবনা নতুন করে তৈরি করেছে বাংলা। কাল রাজস্থানের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ অভিমন্যু ঈশ্বরণদের। জিতলে সুপার লিগ নিশ্চিত। হেরে গেলে বিদায়। কীভাবে পরের পর্বে যেতে পারে বাংলা?
সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ৩২টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে ৮টি করে দল। নিয়ম হচ্ছে, প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুই দল সুপার লিগে উঠবে। সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য লড়াই।
বাংলা রয়েছে গ্রুপ এ-তে। যে গ্রুপের বাকি সাতটি দল হল বঢোদরা, রাজস্থান, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, কর্নাটক, ছত্তীশগঢ় ও মিজোরাম। বাংলা এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট সহ টেবিলে দু’নম্বরে রয়েছে। বাকি রয়েছে এক ম্যাচ। কোন অঙ্কে সুপার লিগে উঠতে পারেন অভিমন্যুরা?
এই গ্রুপে ৬ ম্যাচের ৬টিই হেরে সুপার লিগের দৌড় থেকে ছিটকে গিয়েছে মিজোরাম। শেষ ম্যাচের ফলাফল যাই হোক না কেন, তাদের আর আশা নেই। গতবারের চ্যাম্পিয়ন ঝাড়খণ্ড ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়ে ছিটকে গিয়েছে। উত্তর প্রদেশ, ছত্তীশগঢ় ও কর্নাটক ৬টি করে ম্যাচ খেলে ১২ পয়েন্ট করে পেয়েছে। শেষ ম্যাচ জিতে বড় জোর ১৬ পয়েন্ট পাবে তারা। যেখানে বাংলা ও রাজস্থান – দুই দল ইতিমধ্যেই ১৬ পয়েন্ট করে পেয়ে গিয়েছে। শেষ ম্যাচ জিতলেও তাই উত্তর প্রদেশ, ছত্তীশগঢ় ও কর্নাটকের সুপার লিগে ওঠার আর আশা নেই।
বঢোদরা ৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে। তাদের সুপার লিগে ওঠাও নিশ্চিত। ক্রুণাল পাণ্ড্যদের ম্যাচ বাকি কর্নাটকের সঙ্গে। সেই ম্যাচে হারলেও ২০ পয়েন্ট নিয়ে সুপার লিগে চলে যাবেন ক্রুণাল পাণ্ড্যরা। তাঁদের নেট রান রেটও খুব ভাল। +২.২০৭।
আরও পড়ুন: কলকাতা ময়দান থেকে অস্ট্রেলিয়ায়! লুধিয়ানার ক্রিকেটার ম্যাচ জেতাচ্ছেন মিচেল মার্শদের
আগামীকাল বাংলার ম্যাচ রাজস্থানের সঙ্গে। সেই ম্যাচে বাংলা জিতলে ২০ পয়েন্টে শেষ করবে। বাংলার পরের পর্বে যাওয়ার দরজা খুলে যাবে। সেক্ষেত্রে বঢোদরা ও বাংলা এই গ্রুপ থেকে যোগ্যতা অর্জন করবে।
আর রাজস্থান জিতে গেলে? ২০ পয়েন্ট হবে দীপক চাহার-মানব সুতার-মুকুল চৌধরিদের। ১৬ পয়েন্টেই আটকে যাবে বাংলা। সেক্ষেত্রে কপাল পুড়বে অভিমন্যু, অভিষেক পোড়েলদের। বঢোদরা ও রাজস্থান পরের পর্বে যাবে।
বাংলাকে তাই বৃহস্পতিবার জিততেই হবে।
আরও পড়ুন: ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?
