মুম্বই: বৈভব সূর্যবংশীর(Vaibhav Sooryavanshi) ব্যাটিং দেখে অবাক গোটা বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই নজরে এসেছিল বৈভব। কিন্তু বিহারের ১৫ বছরের বাঁহাতি ব্যাটারের ব্যাটিং তাণ্ডব দেখে এবার প্রাক্তন পাক ক্রিকেটার তনভীর আহমেদ তো বৈভবের বয়স নিয়েই প্রশ্ন তুলে দিলেন। ১৫ বছর বয়সি কোনও কিশোর যে এমন অবিশ্বাস্য শক্তির ইনিংস খেলতে পারে, তা তিনি বিশ্বাস করতে পারছেন না। রাইজিং স্টার্স এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫২ বলে ২০৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিল বৈভব। নিজের ইনিংসে ২৮টি ছক্কা হাঁকিয়েছিল সে। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছে সবাই। পাকিস্তানের টেলিভিশন চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তনভীর। সেই ক্লিপ ভাইরাল হয়েছে।
তনভীর বলছেন, ‘বৈভবের বয়স ১৫ বছর নয়। সে কমপক্ষে ২০-২১ বছর বয়সের ছেলে। সে যত প্রতিভাবানই হোক না কেন, ১৫ বছর বয়সি কোনও ছেলে ২৮টি ছক্কা মারতে পারে না। ১৫ বছর বয়সে কারও এত শক্ত ভিত থাকতে পারে না। তার বাহুতে এত শক্তি থাকা সম্ভব নয়। আমি বিশ্বাস করি না তার বয়স ১৫। তাঁর বয়স ২০ বা ২১ হতে পারে।’
বৈভবের ব্যাটে ভর করেই আমিরশাহির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় এ দল। ৩ ম্যাচে ভারতের সংগ্রহে এখন ৪ পয়েন্ট ও তাদের নেট রান রেটও অনেকটাই বেড়ে গিয়েছে। গ্রুপ ‘বি’-তে পাকিস্তান ও নেপালের মধ্যকার শেষ ম্যাচের ফলাফল যাই হোক না কেন, বিশাল নেট রান রেটের সুবাদে ভারতের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গিয়েছে। নিজের এমন ইনিংস প্রসঙ্গে কথা বলতে গিয়ে বৈভব জানিয়েছেন, কীভাবে যুবরাজ সিংহের সঙ্গে কথা বলার পরে তার মনোবল বেড়ে যায়। সে বলে, ‘আমি ওঁর সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা বলেছিলাম। আমি নিজের ব্যাটিং নিয়ে খানিকটা ভীতই ছিলাম, তাই ওঁ অনেক কিছু আমাকে বোঝান। আমি ওঁকে আমার না না সমস্যার কথা জানিয়েছিলাম। আধ ঘণ্টা ধরে ওঁ আমায় সবটা বোঝান। আমায় বলেন যে আমি ২০ বল টিকে থাকলেই স্কোরটা ভিন্ন হবে। অনেক টেকনিক্যাল বিষয়ও আমায় জানায়, যা আজকে আমায় খুব সাহায্য করেছে।’
বৈভবের দুরন্ত ব্যাটিংয়ের জন্য ইতিমধ্য়েই ভারতীয় এ দল রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিতে পৌঁছে গিয়েছে।
