ডারবান: ক্রিকেটার হিসেবে মাঠে অসংখ্য কৃতিত্বের মালিক ছিলেন। এবার নতুন ভূমিকায় দেখা যাবে কেন উইলিয়ামসনকে। এসএ২০ (SA20)-র আগামী আসরকে সামনে রেখে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে ডারবানস সুপার জায়ান্টসের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই দলের হয়েই SA20 টুর্নামেন্টে খেলেছিলেন। এবার সেই দলেরই কোচের ভূমিকায় দেখা যাবে এই ডানহাতি ব্যাটারকে।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হলেন উইলিয়ামসন। ২০২৩ সালে লিগের প্রথম মরশুম থেকেই এই দলের কোচের দায়িত্বে ছিলেন ক্লুজনার। বুধবার এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি জানায়, ‘ফ্র্যাঞ্চাইজির নতুন প্রধান কোচ হিসেবে কেন উইলিয়ামসনের নাম ঘোষণা করতে পেরে ডারবানস সুপার জায়ান্টস অত্যন্ত আনন্দিত। এর আগে মাঠে ডিএসজি’র প্রতিনিধিত্ব করার পর, উইলিয়ামসন এবার নতুন ভূমিকায় ডারবানে ফিরছেন। তিনি তার সঙ্গে নিয়ে আসছেন আন্তর্জাতিক ক্রিকেটের অসামান্য অভিজ্ঞতা, কৌশলগত বোঝাপড়া ও ক্রিকেটের সর্বোচ্চ স্তরে নেতৃত্বের এক প্রমাণিত রেকর্ড।’
এর আগে এই টুর্নামেন্টে কেন ২০২৫ ও ২০২৬ মরশুমে ডারবানের হয়ে খেলেছেন ১৫ ম্য়াচ। ঝুলিতে পুরেছেন মোট ৩৪৩ রান। ফ্র্যাঞ্চাইজি কেনকে রিটেইন করেছিল। এই প্রথম কোনও ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন উইলিয়ামসন।
চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন কেন উইলিয়ামসন। যার ফলে ২০১০ সালে শুরু হওয়া তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সমাপ্তি ঘটে। তিনি নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অবসর নেন। ১১০ ম্যাচে ৫৪.০৬ গড়ে তাঁর রান সংখ্যা ৯৫১৫। এছাড়াও তিনি ১৭৫ ওয়ান ডে ম্য়াচে ৭২৫৬ রান করেছেন। একইসঙ্গে ৯৩ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৫৭৫ রান করেছেন।
উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড ২০১৯ সালে পুরুষদের ওয়ান ডে বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল। যে টুর্নামেন্টে কেনই সেরা খেলোয়াড় নির্বাচিত হন। অধিনায়ক হিসেবে কেনের সেরা সাফল্য আসে ২০২১ সালে। টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে তারা ভারতকে হারিয়ে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাত টাইটান্স, লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে কেনের। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলেছেন।
