কলকাতা: দেশের জার্সিতে একটা সময় তিনিই ছিলেন তুরুপের তাস। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলে পেস বোলিং বিভাগে মহম্মদ শামিকে ছাড়াই ভাবাই যেত না। কিন্তু গত কয়েক বছরে নিজের চোট আঘাত সমস্য়া বারবার শামিকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে। এখন তরুণ এত বোলার উঠে এসেছেন, যে আদৌ আর কখনও শামিকে ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে  শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটেই এই মুহূর্তে খেলছেন ডানহাতি এই পেসার। সম্প্রতি কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল আয়োজিত বার্ষিক শিক্ষামূলক সম্মেলনে অংশ নিয়েছিলেন শামি। সেখানেই তরুণদের জন্য শামি বার্তা দেন যে নিজের যাত্রার ওপর বিশ্বাস রাখতে, সাফল্য আসতে সময় লাগে, তাই ধৈর্য্য যেন কেউ না হারায়। 

চলতি মাসের শুরুতেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন শামি। তবে বাকি দুটো ফর্ম্যাটে এখনও খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। ২০২৩ বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারি শামি বলেন, ‘সবকিছুর জন্যই সময়ের প্রয়োজন হয় ও তোমাকে নিজের যাত্রার ওপর বিশ্বাস রাখতে হবে। প্রতিশ্রুতিবদ্ধ থাকা, নিষ্ঠার সাথে কাজ করে যাওয়া ও নিজের প্রচেষ্টার প্রতি সৎ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠোর পরিশ্রম চালিয়ে যাও, একদিন তুমি অবশ্যই তোমার যোগ্য মঞ্চ পাবে।’

সম্প্রতি মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে খেলছেন বাংলার হয়ে শামি। সেখানে গ্রুপ পর্বের ম্য়াচগুলো মিলিয়ে মোট ৪ উইকেট নিয়েছিলেন। শামি জানান, বর্তমান সময়ে ক্রিকেটারদের জন্য চিকিৎসা ও ফিটনেস সংক্রান্ত সহায়তা পাওয়া আগের চেয়ে এখন অনেক সহজ হয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে সুযোগ-সুবিধার অনেক উন্নতি হয়েছে, তা সে ফিজিওথেরাপিস্টই হোক বা প্রশিক্ষণ কেন্দ্র। ভারতজুড়ে এখন বেশ কিছু কেন্দ্র রয়েছে, যেখানে ক্রীড়াবিদরা কোনো সমস্যায় পড়লেই পরামর্শ ও দিক নির্দেশনার জন্য যোগাযোগ করতে পারেন।’

আগামী মরশুমের আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে দেখা যাবে মহম্মদ শামিকে। লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে ১০ কোটি টাকা পেতেন, তবে নতুন ফ্র্যাঞ্চাইজিতে ৮ কোটি টাকা পাবেন। শামি সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে যোগ দিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসে। অপরদিকে, কারান চেন্নাই সুপার কিংস থেকে সঞ্জু স্যামসনের বদলে রবীন্দ্র জাডেজার সঙ্গে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছিলেন। তারকা ইংরেজ অলরাউন্ডার অবশ্য চোটের দোহাই নিয়ে রয়্যালসের হয়ে একটিও ম্যাচ খেলেননি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *