আগরতলা।। শুক্রবার সকাল ৭ টা থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ। রাজ্যের পুর ও নগর নির্বাচন ঘিরে টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা প্রচার শেষ হয়েছে বুধবার। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যের ১৬টি পুর এলাকায় ভোটগ্রহণ হবে।
রাজ্য নির্বাচন কমিশন ভোট গ্রহণের জন্য সার্বিক ভাবে প্রস্তুত বলে সাংবাদিক সম্মেলনে জানালেন নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী। কমিশনার বলেন এই নির্বাচনে ২৬৮টি আসনে মোট ৭৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। রাজ্যের আটটি জেলার ১৬টি পুর এলাকায় এই ভোট হবে। দল ভিত্তিক নির্বাচনে বিজেপি প্রার্থী রয়েছে ২৬৬, সিপিএম ২২৮, কংগ্রেস ২০১, তিপ্রা মথা ৯,সিপিআই ৬ আর নির্দল রয়েছে রয়েছে ২৩৩ জন। নির্বাচন কমিশনএই নির্বাচনের জন্য ৭০৪ টি পোলিং স্টেশনের ব্যবস্থা করেছে। ৯০৯ পোলিং টিম থাকবে।
নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী আরো জানান এই নির্বাচনে মোট ভোটার রয়েছে ৫লক্ষ ৬৫ হাজার ৫শ ১৩জন তার মধ্যে ২লক্ষ ৭৬ হাজার ৬শ ৩১ জন, মহিলা ২লক্ষ ৮৮হাজার ৮শ ৩৯জন।
গোটা রাজ্যে ১০ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৩ হাজার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ান রয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনার সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
