তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ব্যক্তিগত কারণে এর আগে, একের পর এক ছবির অফার ফিরিয়েছেন তিনি। বড় বড় প্রযোজনা সংস্থা থেকে, ভাল চরিত্রে কাজ করার সুযোগ পেয়েও বিশেষ কারণে তা করতে পারেননি। তবে তাঁর জীবনের মোড় ঘুরিয়েছিল, লাদাখের সাদা বরফ! ডিসেম্বরের একেবারে শুরুতেই মুক্তি পাচ্ছে, তাঁর প্রথম ছবি। ‘বাবা’। জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty) পরিচালিত এই ছবিটির নায়কের ভূমিকায় দেখা যাবে, বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee)-কে। আর নায়িকার ভূমিকায় রয়েছেন তিনি। প্রথম ছবি মুক্তির আগে, এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) এই প্রথমবার এক অজানা গল্প শোনালেন, কিরণ মজুমদার (Kiran Mazumder)।

একের পর এক ছবির অফার কেন ছেড়েছিলেন কিরণ?

প্রথম ছবি মুক্তি, কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন অভিনেত্রী? কিরণ বলছেন, ‘দর্শক আমায় ভীষণ ভালবাসেন। আমি দেখেছি, দর্শক আমার ছোট ছোট সাফল্যে খুশি হন। এটা আমার ভীষণ বড় একটা পাওয়া যে, এই জায়গাটা তৈরি করতে পেরেছি। আশা করি, আমার প্রথম ছবিটাকেও দর্শক একই রকমভাবে ভালবাসবেন।’ প্রথম ছবি নিয়ে বিশেষ আবেগ রয়েছে তাঁর? অভিনেত্রী বলছেন, ‘এটা আমার প্রথম ছবি হওয়ার কথাই ছিল না। ব্যক্তিগত কারণে এর আগে ভাল ভাল কাজের অফার ফেরাতে বাধ্য হয়েছি। কিন্তু একটা সময়ে ঠিক করলাম, আমি এবার শুধু নিজেকে ভালবাসব। নিজের আনন্দের কথা, নিজের কেরিয়ারের কথা ভাবব। লাদাখে গিয়েই এই সিদ্ধান্তটা নেওয়া।’

লাদাখে গিয়ে বদলে যায় জীবনের দৃষ্টিভঙ্গি, কী ঘটেছিল?

কী হয়েছিল লাদাখে গিয়ে? কোন ঘটনা জীবন বদলে দিয়েছিল কিরণের? অভিনেত্রী বলছেন, ‘লাদাখে গিয়েছিলাম একটা কাজে, কিন্তু ঘুরে বেড়ানোর সুযোগ আমি কখনও ছাড়ি না। ইতিমধ্যেই ১০টা দেশ ঘুরে ফেলেছি। লাদাখে গিয়ে একটা অদ্ভুত অনুভূতি হয়। আমি ঠাণ্ডায় ভীষণ ভয় পেতাম। খারদুংলা পাসে গিয়ে, গাড়িতে বসে দেখছি.. চারিদিক সাদা বরফে ঢাকা। আমার সঙ্গী যাঁরা ছিলেন, সবাই বরফে নেমে খেলা করছেন, আনন্দ করছেন। কিন্তু আমি প্রথমটা ভয়ে গাড়ি থেকে নামতে পারছিলাম না। একটা সময়ে সাহস জুগিয়ে নেমেই পড়লাম। কী অদ্ভুত.. অনুভব করলাম একটুও ঠাণ্ডা লাগছে না! গ্লাভস ছাড়া প্রায় দেড় ঘণ্টা বরফ নিয়ে ফেলেছি, বসে থেকেছি! ওই আনন্দটা বলে বোঝাতে পারব না। কিন্তু অনুভব করেছিলাম, ভয়টা কাটিয়ে উঠে, নিজের জন্য, নিজের আনন্দের জন্য কাজ করাটা ভীষণ জরুরি। সিদ্ধান্ত নিয়েছিলাম, ফিরে গিয়ে নিজের কথা ভেবেই কাজ করব শুধু। কী অদ্ভুত.. সেই লাদাখেই আমার কাছে প্রথম ‘বাবা’ ছবিটার জন্য ফোন আসে।’

প্রথম ছবিতেই মায়ের ভূমিকায়! দ্বিধায় ছিলেন কিরণ

এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিল কেন? কিরণ বলছেন, ‘আমার চিত্রনাট্য ভাল লেগেছিল কিন্তু একটা কথাই বারে বারে ভাবছিলাম। প্রথম ছবিতেই মায়ের চরিত্রে অভিনয় করব! আমি লাবণী আন্টিকে (লাবণী সরকার) ফোন করেছিলাম। উনি সাহস দিয়ে বলেছিলেন, মায়ের চরিত্র করা কোনও ব্যাপার নয়। চরিত্রটায় আমি কতটা নিজেকে উজাড় করে দিতে পারছি.. সেটাই ভাবতে। তারপরেই কাজটা করতে রাজি হয়ে যাই। শুধু বিক্রমদা বা জিৎ-দা নন.. গোটা টিমটাই ভীষণ ভাল। আমায় প্রত্যেকে ভীষণ স্নেহ করেছেন। ওঁদের জন্য এই কাজটা মনে থেকে যাবে।’

জন্মদিনে ছবি মুক্তি

বিশেষ কারণে এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছিল। হতাশ হয়েছিলেন কিরণ? অভিনেত্রী বলছেন, ‘প্রথমে ভীষণ খারাপ লেগেছিল। কিন্তু তারপরে শুনলাম, ছবিটা ৪ ডিসেম্বর মুক্তি পাবে। তখন মনে হয়েছিল, ঈশ্বর যা করেন, মঙ্গলের জন্যই। ৫ ডিসেম্বর আমার জন্মদিন। আমার প্রথম সিনেমা আমার জন্মদিনের অন্যতম সেরা উপহার হয়ে থেকে যাবে।’

আরও পড়ুন: Sadhak Bamakhyapa: বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল ‘সাধক বামাক্ষ্যাপা’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *