Last Updated:
Knowledge Story: বাঁকুড়া শহরের বুক চিরে বয়ে চলা রানীগঞ্জ মোড় থেকে চন্দ্রকোনা-ঘাটাল হয়ে প্রাচীন তাম্রলিপ্ত বন্দরমুখী রাস্তাটি শতাব্দী প্রাচীন ইতিহাস ও বাণিজ্যের সাক্ষী। রাজা চন্দ্র বর্মনের আমল থেকে ব্যবহৃত ‘পিলগ্রিম রোড’ ও ‘রাণী অহল্যাবাই রোড’ সংরক্ষণের দাবি তুলেছেন স্থানীয় ইতিহাসপ্রেমীরা।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়া শহরের বুক চিরে আজও নীরবে বয়ে চলেছে ইতিহাসের এক প্রাচীন পথ। রানীগঞ্জ মোড় থেকে শুরু হয়ে হরেশ্বর মেলা, লক্ষ্যতোড়া শ্মশান, লালবাজার বাইপাস পেরিয়ে ময়রাবাঁধ, ভাদুল এবং দ্বারকেশ্বর নদ অতিক্রম করে এই রাস্তা পৌঁছে যায় কালিসেন হয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ও ঘাটালে। এরপর সেই পথ এগিয়ে যেত প্রাচীন তাম্রলিপ্ত বন্দরের দিকে। বহু শতাব্দী ধরে এই রাস্তা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ইতিহাস ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে রয়েছে।
স্থানীয় ইতিহাসবিদ সুকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১৫ শতকেরও আগে রাজা চন্দ্র বর্মনের সময় থেকে এই রাস্তার ব্যবহার হয়ে আসছে। সে সময় তাম্রলিপ্ত বন্দর ছিল পূর্ব ভারতের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র। ব্যবসায়ী, সাধু-সন্ন্যাসী ও তীর্থযাত্রীরা এই পথ ব্যবহার করেই বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতেন। ফলে এই রাস্তা শুধুমাত্র একটি সাধারণ সড়ক নয়, বরং বাংলার প্রাচীন অর্থনীতি ও সামাজিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।
ইতিহাসবিদদের মতে, বাঁকুড়া শহরের মধ্য দিয়ে মূলত দুটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাস্তা গিয়েছিল। তার মধ্যে অন্যতম “পিলগ্রিম রোড” এবং “রাণী অহল্যাবাই রোড”। এই পথগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু লোককথা, ধর্মীয় যাত্রা ও বাণিজ্যের ইতিহাস। অথচ সময়ের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্যের বড় অংশই আজ মানুষের অজানা থেকে গিয়েছে। নতুন প্রজন্মের অনেকেই জানেন না যে, প্রতিদিন যেই রাস্তা দিয়ে চলাচল করছেন, সেটিই একসময় বাংলার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যোগাযোগপথ ছিল।
