ক্রাইস্টচার্চ: ভারতীয় টেস্ট দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি। নিজের কেরিয়ারে ইতিমধ্যেই তিন ফর্ম্যাটের যে ফর্ম্যাটেই সুযোগ পেয়েছেন তিনি, নিজের দক্ষতা প্রমাণ করেছেন। এবার সেই যশস্বী জয়সওয়ালই (Yashasvi Jaiswal) কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন।
ক্রাইস্টচার্চে ভারত ও নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্টে (IND vs NZ) একে অপরের মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচে যশস্বী জয়সওয়ালের ভারতের হয়ে ওপেন করার কথা। তবে তিনি ম্যাচের প্রথম দিনে ব্যাটিং করতে না নেমেও ইতিহাস গড়লেন। নিজের ৩৩তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন যশস্বী। এই সবকয়টি টেস্টই আলাদা আলাদা মাঠে খেলেছেন ভারতীয় তারকা। বিশ্বের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসাবে তিনি এই কৃতিত্ব গড়লেন। অর্থাৎ ১২ জুলাই, ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অভিষেক ঘটানোর পর থেকে যশস্বী কোনও মাঠেই একাধিক টেস্ট খেলেননি।
সচিন তেন্ডুলকর নিজের প্রথম ৩২টি টেস্ট ভিন্ন ভিন্ন মাঠে খেলেছিলেন। যশস্বী তাঁকে পিছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন। অবশ্য় এই কৃতিত্ব তাঁর একার নয়। তাঁর পাশাপাশি আরেক ভারতীয়ও নিজের প্রথম ৩৩টি টেস্ট ৩৩টি মাঠে খেলেছিলেন। তিনি সঞ্জয় মঞ্জরেকর। সঞ্জয়ের সঙ্গে যুগ্মভাবে বর্তমানে এই কৃতিত্বে মালিক যশস্বী। তালিকায় মঞ্জরেকর, যশস্বী ও সচিনের পাশাপাশি প্রথম পাঁচে আরেক ভারতীয় ক্রিকেটারও রয়েছেন। জাভাগল শ্রীনাথ নিজের কেরিয়ারের প্রথম ২৪টি টেস্ট ২৪টি মাঠে খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের দীনেশ রামদিনের সঙ্গে যুগ্মভাবে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি।
আরও পড়ুন:- ‘আরও ভাল করতে পারত’ ভারত, প্রথম দিনের খেলা শেষে দাবি ফাস্ট বোলার আকাশ দীপের
তবে বিশ্বরেকর্ড গড়া যশস্বী এই রেকর্ডের থেকেও ব্যাটিংয়ের সময় এলে ব্যাট হাতে নজর কাড়তেই নিঃসন্দেহে বেশি আগ্রহী হবেন। তিনি প্রথম টেস্টে ওয়েলিংটনে ৮৯ বলে ৮৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। সেই ফর্মই অব্যাহত রাখার লক্ষ্যে নামবেন ভারতের বাঁ-হাতি ওপেনার। তবে তার আগে দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় বোলারদের নিউজ়িল্যান্ডকে অল আউট করতে হবে।
ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম দিন সেয়ানে সেয়ানে টক্কর চলল ভারত ও নিউজ়িল্যান্ডের। দুই দলের কাছেই দিনটি মোটামুটি কেটেছে। সবুজ উইকেটে ভারত টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও উইকেটের চেহারার সঙ্গে তার আচরণের মিল পাওয়া গেল না। পেসারদের জন্য স্যুইং ছিল। তবে ব্যাটিং করা অসম্ভব ছিল না। বরং সামান্য ধৈর্য ও মনোযোগ ধরে রাখলেই সেই পরিস্থিতি সামলে রান করা যে সম্ভব, দেখিয়ে দিলেন টম ল্যাথাম, টম ব্লান্ডেলরা।
দুই টমই এদিন অর্ধশতরান হাঁকালেন। দিনের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ২৪৬ রান। ৫৩ রান করে ক্রিজে রয়েছেন ব্লান্ডেল। সঙ্গে গ্লেন ফিলিপ্স অপরাজিত ৩৬ রানে। ভারতের হয়ে দুটি উইকেট আকাশ দীপের। একটি করে উইকেট এই অংশুল কম্বোজ, গুরনূর ব্রার ও ওয়াশিংটন সুন্দরের।
