মুম্বই: তিন মরশুম পরে ফের একবার দায়িত্বে। দীর্ঘদিন জল্পনা-কল্পনার পরে আবারও শুক্রবার, ২৭ নভেম্বর, হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক হিসাবে ঘোষণার একেবারে তিন বছরের মাথায় সরকারিভাবে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) দায়িত্বে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। পরের আইপিএল (IPL 2027) মরশুমে ফের একবার তাঁকে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজ়ির নেতৃত্বে ‘হিটম্যান’।
২০১৩ সালে প্রথমবার এক তরুণ রোহিত শর্মা মাঝ মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্বে নেওয়ার পরেই সবটা বদলে যায়। প্রথমবার আইপিএল খেতাব জেতে পল্টনরা। ১১ বছর অধিনায়ক রোহিত পল্টনদের অধিনায়কত্বের দায়িত্ব সামলান। পুনরায় সেই দায়িত্ব ফিরে পেয়ে রোহিত উচ্ছ্বসিত, গর্বিতও বটে। আসন্ন মরশুমের জন্য নীতা আম্বানি এবং আকাশ আম্বানির সঙ্গে ইতিমধ্যেই তাঁর ইতিবাচক কথাবার্তা হয়েছে বলেই জানান ‘হিটম্যান’। মুম্বই ইন্ডিয়ান্সের প্রকাশিত বিজ্ঞপ্তিতে রোহিত বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্স আমার জীবনের একটা অত্যন্ত বড় অঙ্গ এবং এই দলকে নেতৃত্ব দেওয়াটা আমার কাছে সবসময়ই গৌরবের। আসন্ন মরশুমের আগে নীতা বৌদি এবং আকাশের সঙ্গে বেশ ভাল আলোচনা হয়েছে এবং আমরা ভাল পারফর্ম করব বলে আমি আশাবাদী।’
আরও পড়ুন:- অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?
বিগত ছয় বছর আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজ়ি কোনও খেতাব জেতেনি। দলের গৌরবময় অধ্যায় পুনরায় ফিরিয়ে আনার দায়িত্ব এবং প্রচুর প্রত্যাশা নিয়েই যে রোহিত ফিরছেন, তা কিন্তু বলাই বাহুল্য। দ্বিতীয় অধিনায়ক হয়েই নিজস্ব ঘরানার ক্রিকেট খেলে দলকে সাফল্য এনে দিতে এবং আগত সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে তিনি প্রস্তুত বলে স্পষ্ট করে দেন রোহিত। ‘বিশতম মরশুম এবং তার সঙ্গে আসা চ্যালেঞ্জের জন্য ও পল্টনদের উদযাপন করার জন্য বহু মুহূর্ত উপহার দিতে আমি প্রস্তুত। আমাদের নিজস্বতা বজায় রেখে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এবং পাশাপাশি খেলাটা উপভোগ করার দিকেই আমাদের নজর থাকবে’, জানান তিনি।
রোহিতকে পুনরায় অধিনায়ক করতে পেরে খুশি মুম্বই ইন্ডিয়ান্সের মালিকপক্ষও। পল্টনদের অন্যতম কর্ণধার নীতা আম্বানি এ বিষয়ে কথা বলতে গিয়ে প্রথমে স্মৃতি সাগরে ডুব দেন। তারপরেই তিনি বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের ২০তম মরশুম উদযাপন করতে চলেছি আমরা এবং এই মরশুমে রোহিতকে পুনরায় দলের অধিনায়কত্ব করতে দেখাটা এক বিশেষ অনুভূতির। বছরের পর বছর ও আমাদের প্রচুর স্মরণীয় দিন উপহার দিয়েছে এবং ও পল্টনদের জন্য কী, সেটা আমরা সকলেই জানি। আমি আশা করছি এই নতুন অধ্যায়েও ও অনেক গৌরবময় অধ্যায় লিখবে এবং আমাদের ও মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের অনেক বিশেষ মুহূর্ত উপহার দেবে। রোহিত আমরা সকলেই তোমার হয়ে গলা ফাটাব।’




