সন্দীপ সরকার, কলকাতা: গত মরশুমে বিহারের হয়ে ইডেনে ঘরোয়া ক্রিকেট খেলে গিয়েছে বৈভব সূর্যবংশী। আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছে ক্রিকেটের নন্দনকাননে। মাঠে বসে সেই ব্যাটিং দেখেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অগ্রজ, প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিসকেও মুগ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের বিস্ময় বালক।
বৈভবকে ভারতের সিনিয়র দলের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে সব ম্যাচ খেলানো উচিত বলে সওয়াল করলেন প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস। শুক্রবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে এসেছিলেন স্নেহাশিস। ক্লাব হাউস ছেড়ে বেরনোর সময় এবিপি লাইভ বাংলাকে বললেন, ‘বৈভব দুর্দান্ত প্রতিভা। ওকে সব ম্যাচে খেলানো উচিত। এক ম্যাচ খেলাব, পরের ম্যাচে বাদ দেব, এরকম করলে ওর আত্মবিশ্বাসে চিড় ধরবে। টানা খেলানো হলে ও নিজেকে মেলে ধরতে পারবে।’
এ ব্যাপারে সচিন তেন্ডুলকরের উদাহরণ টেনেছেন স্নেহাশিস। মাত্র ১৬ বছর বয়সী সচিন পাকিস্তান সফরে গিয়ে ভয়ঙ্কর ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রমদের মোকাবিলা করেছিলেন। নাকে ওয়াকারের বাউন্সার আছড়ে পড়েছিল। রক্তাক্ত হয়েছিলেন সচিন। ক্রিজ ছাড়েননি। যা বিশ্ব ক্রিকেটের রূপকথা হয়ে রয়েছে। স্নেহাশিস বলছিলেন, ‘সচিনের পাশে ছিল ভারতীয় বোর্ড, নির্বাচক, টিম ম্যানেজমেন্ট সকলেই। ওকে টানা খেলানো হয়েছিল। সেই জন্যই ও সচিন হয়েছে। কিংবদন্তি ক্রিকেটার হয়েছে। বৈভবকেও সব ম্যাচে খেলানো হোক। একটা ম্যাচে ওকে খেলানো হচ্ছে, রান করলেও পরের ম্যাচে হয়তো ওকে বাদ দিয়ে সঞ্জু স্যামসনকে খেলানো হচ্ছে। এভাবে হবে না।’
Before his record-shattering knock, Vaibhav Sooryavanshi spoke to four people. His father, his childhood coach, his childhood friend and…….🤔 Stay tuned for a special interview coming up at 9:00 AM IST on https://t.co/sfyVercpdu as the batting sensation decodes his epic double century 💯💯 #TeamIndia | #RisingStarsAsiaCup
— BCCI (@BCCI) November 24, 2026
স্নেহাশিস নিজে ছিলেন বাঁহাতি ব্যাটার। ময়দানের বিদগ্ধ অনেকে বলেন, সৌরভের চেয়েও বেশি প্রতিভা ছিল স্নেহাশিসের। বৈভবও ব্যাট করে বাঁহাতে। ওর ব্যাটিংয়ের কোন ব্যাপারটা সবচেয়ে ভাল লাগে? স্নেহাশিস বলছেন, ‘ওর ব্যাট স্পিড, ব্যাট ফ্লো, ফলো থ্রু। হাফ হার্টেড কিছু খেলে না। যে শট খেলে, পুরোটা যায়। এটা প্লাস পয়েন্ট। বৈভব ভারতীয় ক্রিকেটে থাকতেই এসেছে। শুধু ভারতের নয়, ও বিশ্ব ক্রিকেটের সম্পদ। ওকে নিয়ে খুব সতর্ক থাকা উচিত টিম ম্যানেজমেন্টের। মানসিক দিক থেকে যেন কখনও ধাক্কা না খায়। টানা খেলিয়ে গেলে বৈভব দেশের মুখ উজ্জ্বল করবে। সেই মশলা ওর মধ্যে রয়েছে।’
একের পর এক বিশ্বরেকর্ড। ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরি। বৈভব স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় ক্রিকেটকে।
আরও পড়ুন: মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, শোকস্তব্ধ খেলার দুনিয়া




