কলকাতা: আগামী আইপিএল মরশুমের আগেই অজিঙ্ক রাহানেকে ছেড়ে দিয়েছে কেকেআর। এই পরিস্থিতিতে গত মরশুমের সহ অধিনায়ক রিঙ্কু সিংহকে ধরে রেখেছে তাঁরা। তাহলে আগামী মরশুমে কি রিঙ্কুকেই নেতৃত্বভার তুলে দেওয়া হবে? ইরফান পাঠান মনে করেন যে আগামী আইপিএল মরশুমে বাঁহাতি ব্যাটারকেই হয়ত ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব দিতে পারে। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার আরও যোগ করেন যে, তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন এই দলটিতে নেতৃত্ব দেওয়ার মতো বিকল্প খুব একটা বেশি নেই।

অজিঙ্ক রাহানে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় কেকেআরের অধিনায়কের পদটি ফাঁকা রয়েছে। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নিলাম থেকে সম্ভাব্য অধিনায়ক হিসেবে কেকেআর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপকে কিনতে পারে বলেও পাঠান উল্লেখ করেন।জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বলেন, ‘রিঙ্কু সিংহকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করা নিয়ে অনেক আলোচনা চলছে ও এই মুহূর্তে নেতৃত্বের দিক থেকে তাদের স্কোয়াডে খুব বেশি বিকল্প নেই। রিঙ্কুকেই সেরা বিকল্প বলে মনে হচ্ছে। তবে কেকেআর নিলাম থেকে একজন অধিনায়ক কেনার কথাও ভাবতে পারে, আর যদি তেমনটা হয়, তবে কেবল একজন খেলোয়াড়ের কথাই মাথায় আসে, শাই হোপ। যিনি সদ্যই ভারতে একটি সিরিজ খেলেছেন ও বেশ ভাল পারফর্ম করেছেন। তবে নাইটদের টিম ম্যানেজমেন্ট যেভাবে কাজ করে তা জেনে আমার মনে হয় রিঙ্কু সিংহই কেকেআরের নতুন অধিনায়ক হতে চলেছেন।’

নিজের বক্তব্য রাখতে গিয়ে পাঠান আরও বলেন, ‘কেকেআর যাদের ছেড়ে দিয়েছে সেই তালিকায় বড় কোনও চমক নেই। অজিঙ্ক রাহানে না থাকায় অঙ্গকৃশ রঘুবংশী ইনিংস ওপেন করার সুযোগ পাবে। গত বছর চোটের জন্য খেলতে না পারলেও আগামী আইপিএলে হর্ষিত রানা বোলিং লাইন আপে ফিরবে। এই পরিস্থিতিতে একজন ভাল ক্যাপ্টেন পেলে কেকেআরের আগামী আইপিএল বেশ ভালই কাটবে।’

প্রাক্তন কেকেআর ও ভারতীয় ওপেনার আকাশ চোপড়া যদিও নেতৃত্ব পাওয়ার দৌড়ে সুনীল নারাইনকেও রেখেছেন। তিনি বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সে অধিনায়কের ভূমিকার জন্য কেবল একটিই বিকল্প আছে, আর তা হল রিঙ্কু সিংহ। সুনীল নারাইন আরও একটি বিকল্প। তিনি আগেও নেতৃত্ব দিয়েছেন, তাই তিনিও মোটেও খারাপ বিকল্প হবেন না।’ ২৫.২০ কোটি টাকার ক্যামেরন গ্রিনকে কেন ধরে রেখেছে কেকেআর, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন আকাশ চোপড়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *