Mamata Banerjee: 'নারীশক্তির জন্য আমিই সবথেকে বেশি লড়েছি', আসন পুনর্বিন্যাসকে 'গন্দা বিল' বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।Image Credit: ANI

নয়া দিল্লি: নিজের এলাকা ছেড়ে বের হতে চাইছেন না, তবুও তড়িঘড়ি দিল্লিতে ছুটলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামিকাল, ৩০ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশন (Parliament Special Session) শুরু। আজ, রবিবার বৈঠকে বসছে বিরোধী জোট ইন্ডিয়া (INDIA Alliance)। তার আগেই দিল্লিতে হঠাৎ হাজির মমতা। কেন তিনি দিল্লিতে ছুটলেন? কী গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তাঁর?

শনিবার রাতেই দিল্লিতে পৌঁছন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন লোকসভার সাংসদ দোলা সেন। বিমানবন্দর থেকে বেরনোর সময় আসন পুনর্বিন্যাস বিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমায় দ্রুত আসতে বলা হয়েছে। আমি এসেছি। গিয়ে দেখব। খুবই বাজে বিল। কেউ ২০৫১ সাল অবধি বলতে পারেন না যে তারা আদৌ থাকবেন কি না।”

গতকালই  প্রধানমন্ত্রী মোদী বলেছেন, নারীশক্তিতে এগোতে কেউ বাধা দিতে পারবে না। এ কথা শুনেই মমতা বলেন, “ছাড়ুন তো। নারীশক্তির জন্য সবথেকে বেশি লড়াই আমি করেছি। আমি যখন সাংসদ ছিলাম, মহিলাদের একজোট করে লোকসভায় আমার সঙ্গে মারপিট হয়েছিল, জানেন? ওই ছবি বের করুন। মহিলা সংরক্ষণ বিল ২০২৪ সালেই পাশ হয়ে গিয়েছে। এটা মিথ্যা কথা।”

প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের বৈঠকে আজ যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোট যাতে ঐক্যবদ্ধ থাকে বিশেষ অধিবেশনে, সেই কারণেই তাঁর দিল্লি সফর। সূত্রের খবর, ডিএমকে-র এমকে স্ট্যালিন ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীবালের সঙ্গে কথা বলবেন মমতা, শেষ একবার তাঁদের বিরোধী জোটকে সমর্থন করার আর্জি জানাবেন তিনি।

অন্যদিকে, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীও ময়দানে নেমেছেন। তিনি আজ সকালেই মল্লিকার্জুন খাড়্গেকে নিয়ে চেন্নাই যাচ্ছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে। সেখান থেকে বিকেলে মুম্বই যাবেন শরদ পওয়ারের সঙ্গে কথা বলতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *