নয়াদিল্লি: সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। ভাঙন ধরেছে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরেও। কংগ্রেসের সঙ্গে একছাতার নীচে না থাকলেও, ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে সরব আম আদমি পার্টি। তাদের দাবি, ডিলিমিটেশন বিলের নামে আগামী ২৫ বছর দলকে ক্ষমতায় থাকার ব্যবস্থা করছে বিজেপি। (Delimitation Bill Row)
সোমবার লোকসভায় পেশ হতে চলেছে ডিলিমিটেশন বিল। তার আগে বিলটিকে ‘বিজেপি জেতাও’ বিল বলে উল্লেখ করেছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ। তাঁর মতে, আগামী ২৫ বছর যাতে দল ক্ষমতায় থাকে, তার জন্যই ডিলিমিটেশন বিল পাস করাতে এত মরিয়া বিজেপি। তাঁর মতে বিলটি পাস হওয়ার পর আসল ‘খেলা’ শুরু হবে। (Aam Aadmi Party)
এতদিন ডিলিমিটেশন বিলের বিরোধিতার করার পর এখন যাঁরা বিলটিকে সমর্থন করছেন, তাঁদের উদ্দেশে বার্তা দিয়েছেন সঞ্জয়। তাঁর কথায়, “যে বিরোধী দলগুলি বিলটিকে সমর্থনের পরিকল্পনা করছে, বড় ভুল করছে তারা। অসমে কী ভাবে সীমানা পুনর্বিন্যাসকে ব্যবহার করে সুফল তুলেছে বিজেপি, তা আমরা দেখেছি। একটা লোকসভা কেন্দ্র তৈরি করা হয়েছে, যার ভোটার সংখ্যা ২৬ লক্ষ। আবার এমন একটি কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে ১২ লক্ষ ভোটার রয়েছেন।”
দিল্লিতে আম আদমি পার্টির সভাপতি সৌরভ ভরদ্বাজ বলেন, “বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সত্যিই যদি মহিলাদের নিয়ে চিন্তিত হন, তাহলে মাত্র ৩৩ শতাংশ সংরক্ষণ দিচ্ছেন কেন? দিল্লির অর্ধেক জনসংখ্যা মহিলা। তাহলে ৫০ শতাংশ সংরক্ষণ দেওয়া উচিত মহিলাদের। ৫০ শতাংশ সংরক্ষণ দিয়ে মহিলাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী করা উচিত।”
সৌরভ আরও বলেন, “ডিলিমিটেশন কার্যকরের স্বাধীনতা পেলে বিজেপি লোকসভা, বিধানসভা কেন্দ্রগুলিকে এমন ভাবে সাজাবে, যাতে প্রত্যেকবার বিজেপি-ই জেতে।” এই মুহূর্তে দেশের ২২টি রাজ্যে বিজেপি-র সরকার থাকা সত্ত্বেও, ১১টিতেও কেন মহিলা মুখ্যমন্ত্রী নেই প্রশ্ন তুলেছেন সৌরভ। আগামী ২৫ বছর বিজেপি-কে ক্ষমতায় রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি তাঁর।
একই কথা বলছেন রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ ঝা। তাঁর বক্তব্য, “বিজেপি-র যুক্তি যদি সঠিক হতো, তাহলে এ নিয়ে ভোটাভুটি হতো না। তফসিলি জাতি, তফসিলি উপজাতি সংরক্ষণের কথা যদি ধরা হয়, সংবিধান অনুযায়ী, জনসংখ্যার অনুপাতে হওয়া উচিত। অথচ ২০১১ সালকে ভিত্তি ধরা হচ্ছে। মাত্র তিন মাস পরই নতুন তথ্য ও হিসেব হাতে আসবে। অথচ আপনারা এই ব্যবস্থাকে ২৫ বছরের জন্য অপরিবর্তিত রাখছেন। অর্থাৎ মোট ৪১ বছরের সময়কাল. এমন ৩০০টি নির্বাচনী এলাকা তৈরি করতে চাইছেন, যেখানে কখনও পরাজিত হবেন না আপনারা।”
NCPI News: “প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর আছে”, বললেন Rachana Banerjee | ABP Ananda




