সন্দীপ সরকার, কলকাতা: চোটের জন্য রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে তিনি খেলতে পারেননি। দিল্লির বিরুদ্ধে শাহবাজ আমেদকে ছাড়াই মাঠে নেমেছিল বাংলা। পরের ম্যাচ থেকেই অবশ্য বাংলা দলে ফেরেন শাহবাজ। শুধু ফেরেনই না, সার্ভিসেস ও কেরল – পরপর দুই ম্যাচে বাংলার জয়ের নায়কও বাঁহাতি স্পিনার অলরাউন্ডার। পরপর দুই ম্যাচে সেরার স্বীকৃতি পান। ব্যাটে-বলে কামাল করছেন শাহবাজ। যিনি ক্রিকেটের টানে বাংলায় এসেছিলেন। বাংলার হয়ে খেলেই তৈরি করেছেন পরিচিতি। খেলেছেন ভারতের হয়েও।

ফের ভারতীয় দলে ডাক পেলেন শাহবাজ। রাইজ়িং স্টার্স এশিয়া কাপের জন্য ভারত এ দলে সুযোগ দেওয়া হল শাহবাজকে। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। তিলক বর্মার নেতৃত্বে যে ১৫ সদস্যের দল তৈরি করা হয়েছে, সেখানে বাংলা থেকে রয়েছেন একমাত্র শাহবাজ। অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, রিঙ্কু সিংহ, হর্ষিত রানাদের সঙ্গে খেলবেন তিনি।

ইডেনে বাংলা বনাম মহারাষ্ট্র ম্যাচ চলছে। রঞ্জি ট্রফির সেই ম্যাচ দেখতে এসেছেন জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস। সোমবার যদিও ব্যাট হাতে শাহবাজ সফল হননি। তবে নির্বাচকদের খাতায় তাঁর নাম যে বেশ উজ্জ্বল, তা প্রমাণিত হল ভারতীয় এ দলে সুযোগ মিলতেই।

১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর কাতারের দোহায় আয়োজিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত রাইজ়িং স্টার্স এশিয়া কাপ। সেই টুর্নামেন্টে ভারত এ রয়েছে বি গ্রুপে। সংযুক্ত আরব আমিরশাহি, নেপাল ও পাকিস্তান এ দলের সঙ্গে। গ্রুপ এ-তে রয়েছে বাংলাদেশ এ, শ্রীলঙ্কা এ, আফগানিস্তান এ, হং কং ও চীন। দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল যাবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর দুটি সেমিফাইনাল। ২৯ নভেম্বর, রবিবার ফাইনাল।

আরও পড়ুন: শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর

শাহবাজ ভারত এ দলে সুযোগ পাওয়ায় তাঁকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শুরুর দিকে পাবে না বাংলা। ১৪-২৬ নভেম্বর মুম্বইয়ে হবে বাংলার গ্রুপ পর্বের খেলা। সেখানে পাওয়া যাবে না শাহবাজকে। তবে টুর্নামেন্টের পরের দিকে, সুপার লিগ পর্বে বা ফাইনালে বাংলা উঠলে ফিরতে পারেন শাহবাজ।

রাইজ়িং স্টার্স এশিয়া কাপের জন্য নির্বাচিত ভারতীয় দল

অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিংহ (উইকেটকিপার), তিলক বর্মা (অধিনায়ক), রজত পাতিদার (সহ অধিনায়ক), রিঙ্কু সিংহ, কুমার কুশাগ্র (উইকেটকিপার), সূর্যাংশ শেডগে, শাহবাজ আমেদ, বিপ্রজ নিগম, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব ও আর্শাদ খান



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *