সন্দীপ সরকার, কলকাতা: মাঝে আর মাত্র ১ দিন। তারপরই শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে প্রত্যেকটি ওয়ান ডে ম্যাচই বিশেষ গুরুত্ব পাচ্ছে। আর ভারত-নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজের তাৎপর্য আরও বাড়ছে কারণ, এই সিরিজের মূল আকর্ষণ রো-কো জুটির প্রত্যাবর্তন। ফের মাঠে দেখা যাবে দুই মেগাস্টার – বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। ১৭ ঘণ্টার বিমানযাত্রার ধকল কাটিয়ে অকল্যান্ডে পৌঁছেই যাঁদের নেটে প্র্যাক্টিস শুরু করে দেওয়ার খবর ভাইরাল।

এই বয়সে, কেরিয়ারের শিখর ছুঁয়েও এই সাধনা, দায়বদ্ধতা রোহিত ও কোহলির। যা দেখে উচ্ছ্বসিত ভারতীয় দলের প্রাক্তন স্পিনার বেঙ্কটপতি রাজু। একটা সময় অনিল কুম্বলে, রাজেশ চৌহান ও তাঁর জুটিকে ভারতের স্পিন ত্রিফলা বলা হতো। রাজু ভারত বনাম নিউজ়িল্যান্ড আসন্ন ওয়ান ডে সিরিজে ধারাভাষ্যকার হিসাবে কাজ করবেন। সোমবার সম্প্রচারকারী সংস্থা সোনি স্পোর্টস নেটওয়ার্কের তরফে একটি ভার্চুয়াল প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হয়েছিল। আমন্ত্রিত ছিল দেশের বাছাই করা কয়েকটি সংবাদমাধ্যম। সেখানে এবিপি লাইভ বাংলার প্রশ্নে রো-কো জুটিকে নিয়ে মুগ্ধতার কথা শোনালেন রাজু।

প্রাক্তন স্পিনার বললেন, ‘ওরা পরের বিশ্বকাপ খেলতে চায়। ওদের ফিটনেস লেভেল ভাল রাখতে হবে। ওরা এখন একটা ফর্ম্যাটেই খেলে। শুধু ৫০ ওভারের ক্রিকেটে। দুটো সিরিজের মধ্যে বেশি সময় থাকে না। আগের মতো সিরিজের আগে প্র্যাক্টিস ম্যাচও থাকে না। ভারত এ দল চারদিনের ম্যাচ খেলছে, কিন্তু কোনও ৫০ ওভারের ম্যাচ খেলছে না।’

আরও পড়ুন: শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর

রাজু আরও বলেন, ‘বিরাট সুপার ফিট। ও অনেক পরিণত। নিউজ়িল্যান্ডে প্রচুর ক্রিকেট খেলেছে। বিরাট ও রোহিত দুজনই দারুণ ব্যাটার। একসঙ্গে এতদিন খেলছে। ওরা ওখানকার আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে চাইছে। নিউজ়িল্যান্ড দলে অনেক লম্বা ফাস্টবোলার রয়েছে। ওখানকার পরিবেশ-পরিস্থিতিতে ফাস্টবোলাররা বাড়তি সাহায্য পায়। ওখানকার পিচ ড্রপ ইন উইকেট। এই ধরনের পিচে নতুন বল কীরকম আচরণ করে আমরা জানি। নতুন বলটা খেলে দিতে পারলে ওরা দুজনই যদি উইকেটে টিকে যায়, প্রচুর রান করবে।’

বিশ্বকাপের আগে এই সিরিজের গুরুত্ব তুলে ধরেছেন বেঙ্কটপতি রাজু। বললেন, ‘রোহিত ও বিরাট বেশি ম্যাচ খেলে না। ম্যাচ ফিটনেস নাও থাকতে পারে। কিন্তু ওদের অভিজ্ঞতা রয়েছে। সেই জন্যই ওরা দীর্ঘ বিমানযাত্রার ধকল কাটিয়ে পৌঁছেই নেটে নেমে পড়েছিল। আর এখন বিজনেস ক্লাসে যাতায়াত করে সকলে। বেশ আরামে যাতায়াত করা যায়। দুজনই গোটা বিশ্বে ভ্রমণ করেছে। এই সিরিজে ওদের ছন্দ কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ।’



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *