সন্দীপ সরকার, কলকাতা: বৃষ্টিতে প্রথম সেশন নষ্ট । বাংলার ক্রিকেটপ্রেমীদের হতাশা বাড়িয়ে ম্যাচের ফয়সালা হবে কি না, তা নিয়েই তৈরি হয়েছিল গুরুতর প্রশ্ন ।
অবশেষে বৃষ্টি থামল শহরে । ইডেন গার্ডেন্সের কভার সরানো হল । ঘড়িতে তখন ১২.৪৫ । শুরু হল তৃতীয় দিনের খেলা । ৭৯ ওভারে ২০৭/৯ স্কোর নিয়ে ব্যাটিং শুরু করল মহারাষ্ট্রের শেষ জুটি ।
দিনের চতুর্থ ওভারে বাংলা শিবিরে স্বস্তি দিলেন মহম্মদ শামি । ম্যাচের প্রথম দিন শেষ লগ্নে জ্বলে উঠেছিলেন বাংলার ডানহাতি ফাস্টবোলার । পরপর ২ বলে ২ উইকেট তুলে নিয়ে । পৃথ্বী শয়ের অফস্টাম্প উড়িয়ে দিয়েছিলেন । মহারাষ্ট্র ইনিংসের যবনিকাও পড়ল শামির বলে । ৭০ বলে ২৭ রান করে শামির বলে এলবিডব্লিউ হলেন প্রদীপ দাধে । দিনের চতুর্থ ওভারে । বুধবার ২৩ বলের মাথায় ।
২১৮ রানে অল আউট হল মহারাষ্ট্র । ৭৫ রানের লিড নিলেন পৃথ্বী শ-রা । বাংলার প্রথম ইনিংসে তোলা ১৪৩ রানের জবাবে ৮২.৫ ওভার ব্যাটিং করল মহারাষ্ট্র ।
বাংলাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিল মহারাষ্ট্রের দশম উইকেট জুটি । ১৫১ বলে ৬০ রানের পার্টনারশিপ গড়লেন তনয় সাঙ্ঘভি ও দাধে । জুটিতে দুজনেরই সমান অবদান । পার্টনারশিপে দুজনেরই অবদান ২৭ রান করে । ১৭৯ বলে ৬০ রানে অপরাজিত রইলেন তনয় ।
বাংলার বোলারদের মধ্যে উজ্জ্বল শামি । ২৩.৫ ওভারে মাত্র ৩৭ রান খরচ করে ৪ উইকেট নিলেন শামি । ৩টি উইকেট নিলেন শাহবাজ আমেদ । ২ উইকেট শামির ভাই মহম্মদ কাইফের । ১ উইকেট সূরয সিন্ধু জয়সওয়ালের ।
ইডেনের পিচে গতি, বাউন্স রয়েছে । তবে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লর মতে, ব্যাটিং এখন অনেক সহজ । পিচ ব্যাটিংয়ের জন্য আগের চেয়ে সহজ হয়েছে । এই পরিস্থিতিতে ৭৫ রানের খামতি মিটিয়ে বোলারদের হাতে পর্যাপ্ত রানের পুঁজি তুলে দেওয়াই চ্যালেঞ্জ অভিমন্যু ঈশ্বরণ, অঙ্কুর পালদের সামনে । মহারাষ্ট্রের বোলারদের সামনে পরীক্ষা বাংলাকে দ্রুত অল আউট করে জয়ের জন্য ঝাঁপানো । খেলা বাকি আর প্রায় দেড়দিন। ইডেনে কি থ্রিলার অপেক্ষা করে রয়েছে ?
আরও পড়ুন: বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছেড়ে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স? জল্পনার পর কী জানাল ফ্র্যাঞ্চাইজি?
