মুম্বই: চণ্ডীগড়ের বিরুদ্ধে আগের ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে ছিল বাংলা দলের। সেই আত্মবিশ্বাসটাই কাজে এল শক্তিশালী ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্য়াচেও। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন ঝাড়খণ্ড দলকে ৭ উইকেটে হারিয়ে দিল বঙ্গ ব্রিগেড। বোলিং, ব্যাটিং সব বিভাগেই প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে লক্ষ্মীরতন শুক্লর ছেলেরা। 

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক অভিমন্য়ু ঈশ্বরণ। বাংলার পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ শামি। সঙ্গে রয়েছেন মুকেশ কুমার ও সায়ন ঘোষ। মুম্বইয়ের শরদ পাওয়ার ক্রিকেট অ্য়াকাডেমিতে প্রথমে ব্যাটিং করতে নেম ঝাড়খণ্ড শুরুটা ভাল করলেও ধীরে ধীরে খেই হারিয়ে ফেলে।  শিখর মোহন ও উৎকর্ষ সিংহ দুই ওপেনার বড় রান করেন। শিখর ৪২ রানের ইনিংস খেলেন। তিন নম্বরে নামা বিরাট সিংহ ৩৭ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে আর কোনও ব্যাটার বড় রান করতে পারেননি।

বাংলা বোলারদের মধ্য়ে মহম্মদ শামি কোনও উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ২৩ রান খরচ করেন। সায়ন ঘোষ ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন। মুকেশ কুমার নিজের ৪ ওভারের স্পেলে ৩৬ রানের বিনিময়ে ২ উইকেট নেন। ঋষভ চৌধুরী ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ২ উইকেট নেন। করণ লাল কোনও উইকেট পাননি। 

 

রান তাড়া করতে নেমে অভিষেক পোড়েল ও করণ লাল দ্রুত রান তোলার চেষ্টা করেন। করণ লাল ১০ রান করেই আউট হলেও পোড়েলকে থামানো যায়নি। বিতর্ক ভুলে একেবারে যেন চেনা ছন্দে ফিরেছেন অভিষেক। ৩৪ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। করণ ফিরে যাওয়ার পরই অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন অভিমন্যু। নিজের ইনিংসে ছয়টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান বাংলার অধিনায়ক। সুদীপ কুমার ঘরামি ৯ বলে ১৪ রানের ইনিংস খেলেন। ১টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। সাত বল বাকি থাকতেই ম্য়াচ জিতে যায় বাংলা। ম্য়াচের সেরা নির্বাচিত হন অভিমন্যু ঈশ্বরণ।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *