প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: TV9 Bangla

নয়া দিল্লি: আরও বাড়তে পারত ডিজেলের দাম। কিন্তু সাধারণ মানুষের উপর সেই বোঝা চাপানো হয়নি। বৃহস্পতিবার অঙ্ক কষে সেই হিসেব বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে গত কয়েক মাসে। তবে ডিজেলের দাম যে সরকার নিয়ন্ত্রণ করেছে, সে কথা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন এক সংবাদমাধ্যমের সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতি লিটারে প্রায় ৫০ টাকা পর্যন্ত বাড়াতে হত ডিজেলের দাম। কিন্তু কেন্দ্রীয় সরকার এর সম্পূর্ণ বোঝা সাধারণ নাগরিক ও কৃষকদের ওপর চাপিয়ে দেয়নি। তিনি জানান, সরকার ডিজেলের দাম প্রতি লিটারে মাত্র সাত টাকা বাড়িয়েছে এবং বাকি ৪৩ টাকার বোঝা নিজেরাই বহন করেছে, যার ফলে সরকারকে প্রতি মাসে প্রায় ১৪,০০০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, “মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছে গিয়েছিল।” তিনি আরও উল্লেখ করেছেন, ভারতে যেখানে দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে, সেখানে প্রতিবেশী দেশগুলোতে ডিজেলের দাম এতদিনে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে।

এছাড়া, সারের জোগান প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, “গত ১২ বছরে কৃষকদের সস্তায় সার সরবরাহ করতে সরকার ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে।” তিনি জানান, পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে প্রায় ৫,০০০ টাকায় বিক্রি হওয়া ৫০ কেজির ডিএপি (DAP) সারের বস্তা ভারতীয় কৃষকদের মাত্র ১,৩০০ টাকায় দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, স্বাধীনতার পর প্রথমবার গত এক দশকে ভারতে কৃষির বার্ষিক বৃদ্ধির হার ৪ শতাংশের বেশি হয়েছে। বিশ্বব্যাংকের একটি সমীক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১২-১৩ বছরে ৫০ কোটি ভারতীয় দারিদ্র্যসীমার বাইরে বেরিয়ে এসেছেন। কৃষিকে সামাজিক জীবনের ভিত্তি হিসেবে না ধরে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জন করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *