নয়াদিল্লি: SIR-এ ভূরি ভূরি অনিয়ম, ভোটচুরির অভিযোগে সরাসরি তাঁর দিকে আঙুল উঠেছে। সেই জ্ঞানেশ কুমার ফের খবরের শিরোনামে। সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে টানাপোড়েন যখন চরমে, তাঁর ভূমিকা ফের আতসকাচের নীচে। ডিলিমিটেশন বিল পাস হলে দেশের নির্বাচনী মানচিত্র নতুন করে আঁকার দায়িত্ব পাবেন জ্ঞানেশ। শুধু তাই নয়, পদাধিকার খাটিয়ে অন্য এক জনকে নিয়োগও করতে পারবেন তিনি। সেই নিয়েই আক্রমণে শান দিতে শুরু করল বিরোধীরা। দু’দু’-বার যে জ্ঞানেশকে সরানোর চেষ্টা হয়েছে, তাঁর হাতে নতুন নির্বাচনী মানচিত্র আঁকার দায়িত্ব তুলে দেওয়া নিয়েও প্রশ্ন উঠছে। (Delimitation Bill)
ডিলিমিটেশন বিলের তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ী, তিন সদস্যের ডিলিমিটেশন কমিশনের হাতেই দেশের নতুন নির্বাচনী মানচিত্র আঁকার দায়িত্ব থাকবে। ভোটাভুটির ক্ষমতা থাকবে তাঁদের। ওই তিন সদস্যের কমিশনে থাকবেন সুপ্রিম কোর্টের একজন পদে আসীন বা প্রাক্তন বিচারপতি, যাঁকে কেন্দ্রীয় সরকার নিয়োগ করবেন। মুখ্য নির্বাচন কমিশনার পদাধিকার বলে থাকবেন, অথবা অন্য দুই কমিশনারের মধ্যে একজনকে মনোনীত করবেন তিনি। যে রাজ্যের নির্বাচনী মানচিত্র নতুন করে আঁকা হবে, সেখানকার রাজ্য নির্বাচন কমিশনার থাকবেন একজন। মেঘালয় বা নাগাল্যান্ডের মতো রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল দ্বারা মনোনীত একজনকে শামিল করা হবে ডিলিমিটেশন কমিশনে। (Gyanesh Kumar)

ডিলিমিটেশন কমিশনের মাথায় বসতেই হবে জ্ঞানেশকে, এমনটা নয়। তিনি চাইলে অন্য দুই কমিশনারের মধ্যে থেকে একজনকে মনোনীত করতে পারেন। ২০২০ সালে জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে যেমন তদানীন্তন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা সুশীল চন্দ্রকে মনোনীত করেছিলেন। ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে মেয়াদ রয়েছে জ্ঞানেশের। এখনও পর্যন্ত যে হিসেব সামনে আসছে, তাতে তাঁর কার্যকালের মধ্যেই ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। আর তাতেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। SIR-এর পর ডিলিমিটেশনের মাধ্যমে জ্ঞানেশকে দিয়ে ফের বিজেপি নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে বলে অভিযোগ উঠছে।
শনিবার I.N.D.I.A শিবিরের বৈঠকের পর জ্ঞানেশের বিরুদ্ধে সরব হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীও। ডিলিমিটেশনকে সরাসরি ‘গণতন্ত্রের নিধনযজ্ঞ’ বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ফাঁকা ক্যানভাস’ দিয়ে দেওয়া হচ্ছে, যা নিজেদের ইচ্ছে মতো ভরে নিতে পারেন তাঁরা। রাহুল বলেন, “৮৫০টি আসনই কেন? উত্তর লুকিয়ে অসম এবং জম্মু ও কাশ্মীরে। ৮৫০টি আসন পেলে নিজেদের সুবিধা মতো নির্বাচনী মানচিত্র আঁকতে পারবেন ওঁরা। সমাজের দুর্বল অংশ, যাঁরা ওঁদের বিরোধী, তাঁদের আরও দুর্বল করে দেওয়া এবং বিরোধী শিবিরের নির্দিষ্ট কিছু নেতাকে নিশানা করাই লক্ষ্য।”
ডিলিমিটেশন বিল পাস হলে, দেশের নির্বাচনী মানচিত্র নতুন করে আঁকা হলে ভোটদানের আগেই বিজেপি বাকিদের চেয়ে এগিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাহুল। তাঁর বক্তব্য, “মনে রাখবেন, ৮৫০ সংখ্যাটি গুরুত্বপূর্ণ। দেশের গণতন্ত্রের নিধনযজ্ঞের প্রতীক এই সংখ্যা। মোদি, শাহ এবং জ্ঞানেশের হাতে ফাঁকা ক্যানভাস তুলে দেওয়ার পরিকল্পনা। কমিশন আগেই ক্যাপচার হয়ে গিয়েছে। এখন ডিলিমিটেশন কমিশনেও নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে সরকার।” কেন্দ্রীয় সরকার নিযুক্ত বিচারপতি, জ্ঞানেশ এবং জ্ঞানেশের দ্বারা নিযুক্ত তৃতীয় সদস্যের হাতে ডিলিমিটেশন কমিশনের নিয়ন্ত্রণ থাকলে, আজীবন মোদি, শাহ এবং আদানিরা লুঠ চালিয়ে যেতে সফল হবেন বলে দাবি করেন রাহুল।
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
